আদিয়ান মার্টের সিইওসহ তিনজনের রিমান্ড, উপদেষ্টাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় আদিয়ান মার্টের চার কর্মকর্তাকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয়
ছবি: প্রথম আলো

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকসহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বাকি দুজন হলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ সিদ্দিক ও ব্যবস্থাপক মিনারুল ইসলাম। এ ছাড়া উপদেষ্টা আবু বকর সিদ্দিককে জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মানিক দাস আজ মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। বিবাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. তালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের বাসিন্দা আদিয়ান মার্টের গ্রাহক আতিকুর রহমান এই ৪ কর্মকর্তার নামে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৯ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। এদিন রাতেই খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব-৬। পরদিন ৩০ অক্টোবর তাঁদের থানায় সোপর্দ করা হয়।

রিমান্ড শুনানির জন্য মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল আজ চার কর্মকর্তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিবাদীপক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান। পরে আদালত এ আদেশ দেন।