পাইপলাইনে দ্রুত গ্যাস সরবরাহ, বিমানবন্দর ও আধুনিক রেলস্টেশন নির্মাণ, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং দ্রুত পদ্মা সেতু নির্মাণসহ বিভিন্ন দাবিতে খুলনায় আধঘণ্টার অচল কর্মসূচি পালিত হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নগরের রূপসা ঘাট, সুন্দরবন কলেজের সামনে, খুলনা বিশ্ববিদ্যালয়, ডাকবাংলা, শিববাড়ী, বয়রা কলেজ ও গল্লামারী মোড়, খালিশপুর, দৌলতপুর ও ফুলতলায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ দলমত-নির্বিশেষে দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রেখে অংশ নেন। এ সময় যানবাহন চলাচলও বন্ধ ছিল।
বক্তারা আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে খুলনা অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান। একই সঙ্গে উন্নয়ন প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচি উপলক্ষে ডাকবাংলা মোড়ের মূল সমাবেশে সংহতি জানিয়ে মেয়র মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে অবহেলায় রেখে এ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়। অথচ বিপুল সম্ভাবনা সত্ত্বেও খুলনা বরাবরই অবহেলিত। আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়ন নেই, গ্যাস নেই।’
উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান বলেন, ‘অচল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে খুলনার মানুষ এই দাবিগুলোর প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। এগুলো বাস্তবায়ন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।’
আরও বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এস এম মঞ্জুর-উল-আলমসহ আরও অনেকে।
একই সময় দৌলতপুর ও ফুলতলায় পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হাফিজুর রহমান ভুঁইয়া।
সমন্বয় কমিটির অন্য দাবিগুলো হচ্ছে খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীতকরণ, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অবশিষ্ট কাজ সম্পন্ন করা, বন্ধ শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা, ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন, খুলনা-যশোর মহাসড়ক চার লেনে উন্নীত করা, সুন্দরবন রক্ষা এবং এ অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।