আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিরোধের জের ধরে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ছাত্রলীগ নেতা ইমন রনি
ছবি: সংগৃহীত

এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা ইমন রনি (২৬) খুন হন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। জড়িত থাকার অভিযোগে মো. লিটন, মো. সোহেলসহ ছয়জনকে আজ সোমবার ভোরে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

গতকাল রোববার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর এলাকায় খলিলের চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অতর্কিতে হামলা চালানো হয় ইমনের ওপর। অন্যরা পালিয়ে গেলেও জুতা পরতে গিয়ে তিনি সময়মতো সরে যেতে পারেননি। পরে তাঁকে আটকে মাথায় আঘাত করা হয়, ছুরিকাঘাত করা হয়।

এতে গুরুতর আহত হন ইমন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগে নেতা আশরাফের অনুসারী হিসেবে পরিচিত ইমন। তাঁকে খুনের ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক নেতা এম এম মহিউদ্দিনের অনুসারী মো. রিপন, মামুন ও ওহাবকে দায়ী করছেন নিহত ইমনের স্বজনেরা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ইমনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকায় আধিপত্য ও চাঁদাবাজির বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত আরও খতিয়ে দেখা হচ্ছে।

নিহত ইমনের মা আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করত। এ জন্য তাকে তারা মেরে ফেলেছে। তারা চাঁদাবাজি করত। কিশোর গ্যাং পালত। ছেলে হত্যার বিচার চাই।’

পুলিশ সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী থানার পলিটেকনিক ইনস্টিটিউট ও আরেফিননগর এলাকায় শিল্পকারখানা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় যে দল ক্ষমতায় থাকে, তারাই ঝুট ব্যবসাসহ বিভিন্ন শিল্পকারখানায় নীরব চাঁদাবাজি করে থাকে। এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন নেতার একাধিক গ্রুপ রয়েছে।

আরও পড়ুন