আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম কালাম শেখ (২৫)। তিনি রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাঘদী ইউনিয়নেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল এবং তাঁদের সমর্থক ও লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পথে কালাম শেখ মারা যান। গুরুতর আহত ছয়জনকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিরা হলেন কালাই ফকির (৪৫), আয়ুব আলী (৬০) ও সহিদ (৪০)।

মুকসুদপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।