আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রুম্মান (৩১) শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার বাসিন্দা। হামলায় একই এলাকার আরিফ হোসেন ওরফে শাকিল (৩০) নামের আরেক যুবক আহত হয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁঠালতলা টালিখোলা এলাকায় দুটি পক্ষ আছে। রুম্মানের সঙ্গে অপর পক্ষের লোকজনের বিরোধ ছিল। গতকাল রাত ১১টার দিকে রুম্মানসহ কয়েকজন কাঁঠালতলা এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি দল ঘটনাস্থলে এসে রুম্মানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় শাকিলও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রুম্মান মারা যান। শাকিলকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, শাকিলের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুম্মান। জড়িত ব্যক্তিদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে।