আধিপত্যের জেরে খুন হন আ.লীগ নেতা, একজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁইয়া ওরফে রিপন (৫০)। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দুই আসামির একজন আদালতে দেওয়া স্বীকারোক্তিতে এ কথা বলেছেন। আজ রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

এর আগে গতকাল শনিবার রাতে আসামি রাশেদুজ্জামান ওরফে অন্তর (২২) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদুল হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দির পর আসামিকে জেলহাজতে পাঠানো হয়।

আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁইয়া হত্যা মামলায় এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনার পরপরই তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেন এবং সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এর মধ্যে রাশেদুজ্জামান ওরফে অন্তর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক প্রথম আলোকে বলেন, গত বুধবার দিবাগত রাতে মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ছায়েদ ভূঁইয়া দুর্বৃত্তদের হাতে খুন হন। রাতে চৌমুহনী চৌরাস্তা থেকে বাড়ি যাওয়ার পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

ওসি জাহিদুল হক বলেন, হত্যাকাণ্ডের পর থানায় দায়ের করা অভিযোগে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কাউকে আসামি করা হয়নি। কিন্তু ঘটনার পর তাঁরা গোয়েন্দা তথ্যের সাহায্যে ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন দুই আসামি তালুয়া চাঁদপুর গ্রামের রাশেদুজ্জামান (২২) ও আশিকুর রহমানকে (৩৮) আটক করেন।
আটকের পর দুই আসামির মধ্যে রাশেদুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন এবং এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। এ ছাড়া অপর আসামি আশিকুরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে রাশেদুজ্জামান জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা আবু ছায়েদকে পূর্বপরিকল্পনা অনুযায়ী খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ভাড়াটে হিসেবে কাজ করেছেন। তাঁর সঙ্গে আবু ছায়েদের আগের কোনো বিরোধ নেই। জবানবন্দিতে রাশেদুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যাত্রীবাহী লাল সবুজ পরিবহনের চৌরাস্তা কাউন্টারের মালিক আবু ছায়েদ ভূঁইয়াকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন সড়কের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আবু ছায়েদের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।