আধুনিক ডিজিটাল পৌরসভা করা হবে: আ.লীগের প্রার্থী তারিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিকুল ইসলাম
সংগৃহীত
কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর। মেয়র পদে প্রার্থী রয়েছেন দুজন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র তারিকুল ইসলাম। তিনি খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

প্রশ্ন :

মেয়রের দায়িত্বে আছেন পাঁচ বছর। প্রায় ১৫ হাজার ভোটারের ছোট্ট এই শহরে নাগরিক সুবিধা কতটুকু পূরণ করতে পেরেছেন?

তারিকুল ইসলাম: খোকসা তৃতীয় শ্রেণির পৌরসভা। এখানে উন্নয়নের জন্য তেমন বরাদ্দ পাওয়া যায় না। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। ওই নির্বাচনে আমার প্রতিশ্রুতি অনুযায়ী পৌরভবন নির্মাণ করা হয়েছে। সড়ক ও নালা নির্মাণ করা হয়েছে। সেই কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছি। শতভাগ না হলেও ৯০ থেকে ৯৫ ভাগ কাজ শেষ করতে পেরেছি।

প্রশ্ন :

পৌরসভা থেকে পানি সরবরাহ করা হয় না। পৌরবাসী পানি পাচ্ছে না, এ ব্যাপারে কী বলবেন?

তারিকুল ইসলাম: কাজগুলো চলমান। প্রায় শেষের দিকে। পাইপ বসে গেছে। তবে পানি যায়নি। তবে আগামী বছর পানি সরবরাহ নিশ্চিত হবে। পৌরসভার উন্নয়নে গত পাঁচ বছরে উন্নয়নমূলক কাজে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই টাকা দিয়ে সড়ক, নালা, সড়কবাতির উন্নয়নে কাজ করা হয়েছে।

প্রশ্ন :

পৌরবাসী কী আবার আপনাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন?

তারিকুল ইসলাম: নাগরিক সেবাসহ যে উন্নয়নমূলক কাজ করেছি, তাতে আমি আশা করি দ্বিতীয়বারের মতো পৌরবাসী আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবে। বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খোকসাকে আধুনিক ডিজিটাল পৌরসভা গড়ে তোলা হবে। একটা শান্তির শহর গড়ে তোলা হবে।

প্রশ্ন :

শান্তির শহরের বিষয়ে একটু জানতে চাই। আপনার দলের মধ্যে প্রায়ই নানা বিষয় নিয়ে নেতা–কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

তারিকুল ইসলাম: আওয়ামী লীগ বড় দল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে এবার সেটা আর হবে না। দলের সবাইকে কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে সবাই এক হয়ে কাজ করতে।

প্রশ্ন :

খোকসা পৌরসভা বলতে গেলে এখনো কিছু এলাকা গ্রামের আবহ আছে। সেখানে প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। কেমন সাড়া পাচ্ছেন?

তারিকুল ইসলাম: ইভিএমে ভোট এলাকার মানুষের কাছে একেবারেই নতুন। ভোটারদের বিষয়টি বুঝিয়ে বলা হচ্ছে। তবে সব পক্ষ থেকে আরও প্রচারণা হলে ভালো হতো। ভোটাররা কেন্দ্রে নতুন এই পদ্ধতি দেখার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।

প্রশ্ন :

নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে?

তারিকুল ইসলাম: নির্বাচনের মাঠে সবাই সমান। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। তবে গত পাঁচ বছর মানুষের মনে যে আস্থা অর্জন করেছি, তাতে গতবারের তুলনায় বিপুল ভোট পাব, ইনশা আল্লাহ।

প্রশ্ন :

অভিযোগ রয়েছে, বিরোধী পক্ষকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না।

তারিকুল ইসলাম: এমন অভিযোগ এর আগেও কেউ কেউ জিজ্ঞাসা করেছেন। এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও হাস্যকর। কারণ, উনার কোথাও কোনো কর্মী নেই। যদি থাকে, তাঁদের কেউ বাধাও দেয়নি। পোস্টার ছেঁড়া বা বাধা দেওয়ার প্রশ্নই আসে না।

প্রশ্ন :

আপনার নাম কেন্দ্রে গেলেও দল থেকে অন্য এক নেতাকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল। একদিন পরই দল আবার আপনাকে মনোনয়ন দেয়। এ নিয়ে নির্বাচনের মাঠে কোনো বিরূপ প্রভাব পড়বে কি না?

তারিকুল ইসলাম: দলের মধ্যে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। দল যাকে দেবে, তাঁর পক্ষেই কাজ করতে হবে। আর এখানে নৌকা প্রতীকই সব। ব্যক্তি দলের কাছে কিছুই না। দলীয় প্রতীক যিনি পাবেন, তাঁর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আশা করছি কোনো প্রভাব পড়বে না। তাঁরাও আমার হয়ে মাঠে কাজ করছেন।

প্রশ্ন :

নির্বাচন সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?

তারিকুল ইসলাম: পৌরসভায় কোনো বিনোদনকেন্দ্র নেই। এবার শহরে বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে। নাগরিকদের বসবাসের উপযোগী আধুনিক ডিজিটাল পৌরসভা করা হবে।

প্রশ্ন :

সময় দেওয়ার জন্য অপনাকে অসংখ্য ধন্যবাদ।

তারিকুল ইসলাম: প্রথম আলোকেও ধন্যবাদ।