আধুনিক বর্জ্য ভবন নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জায়গায়ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন নির্মাণ করতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অবৈধ দখল, মামলা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় দেড় বছরেও সাতটি পাইলট প্রকল্পের কাজ শেষ হয়নি। এতে মহানগরের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগটি প্রায় বন্ধ হয়ে গেছে।
নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেছেন, দ্রুত কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ভবন নির্মাণ করা হবে।
এখন মহানগরে গৃস্থালি বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ডে মহাসড়কের ওপর কনটেইনার রাখে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা কর্মীরা বাসাবাড়ি থেকে প্রাথমিক পর্যায়ে বর্জ্য সংগ্রহ করেন। ভ্যানগাড়িতে করে সেই বর্জ্য এনে এই কনটেইনারগুলোতে জমা করা হয়। রাত ১২টা থেকে সিটি করপোরেশনের ট্রাক কনটেইনারগুলো নিয়ে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল্ডে বর্জ্য ফেলে আসে।
এই বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রধান সমস্যা হলো, সড়কের পাশে বড় আকারের কনটেইনারগুলো রাখার কারণে প্রতিটি জায়গায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া কনটেইনারগুলোতে রাখা কঠিন বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে আশপাশের অনেকখানি এলাকা আবর্জনাময় হয়ে ওঠে। আর কনটেইনার থেকে চুঁইয়ে আসা তরল বর্জ্য ছড়িয়ে পড়ে চারপাশ কর্দমাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। বাতাস ভারী হয়ে ওঠে। যেখানে এই উন্মুক্ত কনটেইনারগুলো রাখা হয়, তার আশপাশের বসতবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজনকে স্থায়ী দুর্ভোগ পোহাতে হয়। পরিবেশদূষণ তো আছেই।
এ কারণে বহু দিন ধরেই সড়ক থেকে এই বর্জ্যের কনটেইনার সরানোর দাবির কথা বলে আসছে ভুক্তভোগী নগরবাসী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। সড়ক থেকে কনটেইনার সরিয়ে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প’-এর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’ (এসটিএস) বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে অর্থায়ন করছে এডিবি।
দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আ হ ম আব্দুল্লাহ হারুন জানান, ২০১৪ সালে সাতটি এসটিএস নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র-সংক্রান্ত কাজ শেষে ঠিকাদারকে এলাকাগুলো বুঝিয়েও দেওয়া হয়। গত বছরের ডিসেম্বর মাসেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জায়গা বেদখল, কাজ করতে গিয়ে বাধা ও মামলার কারণে কোনোটির নির্মাণ শুরুই হয়নি, কোনোটি সামান্য কিছু এগিয়েছে। কোনোটিতে হামলা করে ঠিকাদারের জিনিসপত্র লুট করে নিয়ে গেছেন এলাকার প্রভাশালী ব্যক্তিরা।
কোথায় হবে এসটিএস: গুলিস্তানের গোলাপ শাহ মাজারসংলগ্ন ওসমানী উদ্যানের পূর্ব প্রান্ত, কলাবাগান (পানসির দিকে), ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সোনারগাঁ রোডের পান্থকুঞ্জ, হাজারীবাগের কোম্পানীঘাট, হাজারীবাগের প্রগতি পাম্পের পার্শ্ববর্তী এলাকা, সিকদার মেডিকেল কলেজের পার্শ্ববর্তী এলাকা, যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়, জুরাইন কবরস্থানসংলগ্ন মাঠ ও নিউমার্কেটের পশ্চিম প্রান্ত। এই ১০টি প্রস্তাবিত স্থানের মধ্যে গোলাপ শাহ মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলাবাগানে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয়নি। বাকি সাতটি স্থানে নির্মাণকাজ শুরু হয়েছিল গত বছরের প্রথম দিকে।
সরেজমিন: সোনারগাঁও রোডের দক্ষিণ পাশে পান্থকুঞ্জের পশ্চিম প্রান্তে পড়ে আছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবনের অর্ধসমাপ্ত কাঠামো। গত সপ্তাহে সরেজমিনে গিয়ে দেখা গেল সড়কের পূর্ব পাশে বর্জ্য রাখার কনটেইনার। চারপাশে উপচে পড়া ময়লা-আবর্জনায় জায়গাটি নোংরা। একঝাঁক কাক আবর্জনায় তাদের খাদ্য খুঁজছে। তাদের চঞ্চু বাহিত হয়ে আবর্জনা আরও ছত্রখ্যান হয়ে পড়েছে আশপাশে। সড়কটি অপ্রশস্ত। কনটেইনারটি রাখার ফলে সারা দিন ধরেই এখানে যানজট লেগে থাকে।
এখানে এসটিএস নির্মাণে প্রথমে আপত্তি জানিয়েছিল পরিবেশ অধিদপ্তর। পরে অনুমোদন দেওয়ায় কাজ শুরু হয়। এরপরই তা পরিবেশ আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে।
নিউমার্কেটের পশ্চিম পাশে এসটিএস নির্মাণের জন্য নির্ধারিত জায়গাটি টিন দিয়ে ঘেরা হয়েছিল। তবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা হমালা করে ঠিকাদারের লোকদের ভাগিয়ে দিয়ে টিনের বেড়া খুলে নিয়ে গেছেন। এই জায়গায় এখন কার পার্কিং ও হিউম্যানহলার স্ট্যান্ড। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, সরকারি দলের ছাত্র ও যুবসংগঠনের নেতা-কর্মীরা এই পার্কিং ও স্ট্যান্ড পরিচালনা করেন। এখান থেকে রোজ মোটা অঙ্কের আয় হয় তাঁদের। এসটিএস নির্মাণ করা হলে সেই আয় বন্ধ হয়ে যাবে।
একই অবস্থা জুরাইন কবরস্থানের পাশের কেন্দ্রটিতেও দেখা গেছে। এখানে সিটি করপোরেশনের বিরাট একটি খোলা জায়গা দখল করে বস্তি ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছেন সরকারি দলের লোকেরা। তাঁদের দুটি পক্ষ। একটি পক্ষ এসটিএস নির্মাণের বিরোধী। এখানেও ঠিকাদারের লোকদের ওপর হামালা করে ভাগিয়ে দেওয়া হয়েছে। টিনের ঘেরাও দিয়ে নির্মাণকাজ শুরু হয়েছিল। নির্মাণসামগ্রী, টিনের বেড়—সব নিয়ে গেছে স্থানীয় ওই প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয় ব্যবসায়ী মোশাররফ হাওলাদার প্রথম আলোকে বলেন, অল্প কিছু লোক তাঁদের স্বার্থে নির্মাণকাজে বাধা দিচ্ছেন।
যাত্রাবাড়ী চৌরাস্তার পশ্চিম পাশে সিটি করপোরেশনের অফিস ও গণশৌচাগারের পাশেই এসটিএস নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। এখানেও জায়গা ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। উদ্বোধনও হয়েছিল ঘটা করে। কিন্তু কাজ শুরুর পরপরই একটি মহল স্থানীয় লোকদের বুঝিয়েছে যে এখানে স্থায়ীভাবে ডাম্পিং স্টেশন করা হবে। পরে লোকজনের বাধার মুখে কাজ বন্ধ হয়ে আছে।
হাজারীবাগে দুটি এসটিএস নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে কোম্পানীঘাট এলাকায় নির্মাণাধীন এসটিএসের কাজ চলছে। তবে ম্যাটাডোর বাসস্ট্যান্ড-সংলগ্ন (স্থানটি এই নামে পরিচিত) ভবনটি আধাআধি নির্মাণের পর বন্ধ হয়ে গেছে। অর্ধসমাপ্ত ভবনটি পড়ে আছে। এখানে জায়গার মালিকানা নিয়ে মামলা করায় আদালত থেকে নির্মাণকাজের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিকাদার মেডিকেল কলেজ এলাকার এসটিএসের কাজ বন্ধ রয়েছে কলেজ কর্তৃপক্ষের মামলার কারণে।
কেমন হবে এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন: দক্ষিণ সিটির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবু সালেহ মো. মঈন উদ্দিন জানান, এসটিএস বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন-সংশ্লিষ্ট মহল্লা বা ওয়ার্ডে সড়কের ওপর যে কনটেইনারগুলো রাখা হচ্ছে, সেই কনটেইনারগুলো সড়ক থেকে সরিয়ে এই ভবনে রাখা হবে। প্রতিটি এসটিএসে ১০ থেকে ১২টি বা প্রয়োজনে তারও বেশি কনটেইনার রাখা যাবে। ভবনটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা থাকবে। ওপরে থাকবে শিল্পকারখানার ছাউনির মতো ছাউনি। এতে বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না। প্রাচীর দিয়ে ঘেরা থাকায় তরল বা কঠিন কোনো বর্জ্যই চারপাশে ছড়িয়ে পরিবেশদূষণও ঘটাবে না। যানজটেরও নিরসন হবে।
বাড়ি থেকে বেসরকারি পরিচ্ছন্নতা কর্মীদের সংগ্রহ করা বর্জ্য এসটিএসে আসবে। তাঁদের ভ্যানগুলো একটি প্ল্যাটফর্মে রাখা হবে। সেখান থেকে সরাসরি বিশেষ প্রক্রিয়ায় বর্জ্য কনটেইনারে যাবে। ছড়িয়ে পড়ার সুযোগ থাকবে না। কনটেইনার ভর্তি হলে ট্রাক এসে সেগুলো মাতুয়াইলে নিয়ে যাবে।
এসটিএসে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শকের একটি দাপ্তরিক কক্ষ, পরিচ্ছন্নতা কর্মীদের বিশ্রামের জায়গা, শৌচাগার, প্রয়োজনীয় সরঞ্জাম রাখার গুদাম ও ভবন ধোয়ার ব্যবস্থা থাকবে। কর্মীদের এখানেই হাজিরার ব্যবস্থা থাকবে।
মেয়র বললেন হবে: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন নির্মাণ প্রকল্পের সাতটি মডেল কেন্দ্রের বন্ধ হওয়ার বিষয়টি তাঁকে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে। শিগগিরই এই ভবনগুলোর নির্মাণ শুরু করা হবে। এখন কাউন্সিলররা আছেন। নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে তাঁরা উদ্যোগ নেবেন।