আনন্দ শিপইয়ার্ডের আমদানি কার্যক্রম নজরদারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কমুক্ত সুবিধায় প্রায় ৩০০ কোটি টাকার কাঁচামাল আমদানি করে তৈরি পণ্য, অর্থাৎ জাহাজ রপ্তানি না করার অভিযোগ উঠেছে ঢাকার আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর এই প্রতিষ্ঠানের আমদানি কার্যক্রম কঠোর নজরদারির আওতায় এনেছে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ঢাকার ‘আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড’ বন্ড-সুবিধায় ৩০০ কোটি টাকার কাঁচামাল আমদানি করেছে। তবে এই কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রপ্তানি করেনি বলে অভিযোগ রয়েছে। এ কারণে এই প্রতিষ্ঠানের যেসব কাঁচামাল খালাসের অপেক্ষায় রয়েছে, সেগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনাপত্তি ছাড়া খালাস না দেওয়ার জন্য বলা হলো।
গত রোববার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন কাস্টমস কমিশনারের কাছে এ চিঠি দেন। আমদানি করা কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্য রপ্তানির শর্তে সাধারণত বন্ড-সুবিধা দেওয়া হয়।
জানতে চাইলে কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, চিঠি পাওয়ার পর প্রতিষ্ঠানের বিন (ব্যবসা শনাক্তকরণ নম্বর) লক করা হয়েছে। অর্থাৎ কোনো পণ্য-চালান খালাসের জন্য প্রক্রিয়া শুরুর আগে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অধিদপ্তরকেও অবহিত করা হবে।
জানা গেছে, জাহাজ নির্মাণের আদেশ দেওয়ার পর কয়েকটি বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের সঙ্গে জাহাজ নির্মাণের চুক্তি বাতিল করে। ফলে জাহাজ তৈরি করলেও রপ্তানি করতে পারেনি এই শিপইয়ার্ড।
কাস্টম হাউস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি এই বছর বন্দর দিয়ে ৩৭টি চালান খালাস করেছে। খালাস করা পণ্যের মধ্যে রয়েছে স্টিল পাইপ, পাম্প, কাঠের ফার্নিচার, অ্যাংকর ইত্যাদি। যুক্তরাষ্ট্র ও চীন থেকে এসব পণ্য আমদানি করা হয়। তবে এখন কতটি পণ্য-চালান খালাসের অপেক্ষায় রয়েছে, তা জানা যায়নি।