আনোয়ারায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
চট্টগ্রামের আনোয়ারায় কাভার্ড ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম দীপংকর কুমার নাথ (১১)। সে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারার সুমন নাথের ছেলে। দীপংকর আনোয়ারায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপংকর আজ সকালে খালাতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাচ্ছিল। পথে কালাবিবির দিঘির মোড়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাঁরা আরেকটি অটোরিকশায় ওঠার জন্য সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান দীপংকরকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় দীপংকরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মংছাই মার্মা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কাভার্ড ভ্যানের চালক আটক করা হয়েছে। একই সঙ্গে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।