আনোয়ারায় কেন্দ্র দখলের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী।
ছবি: সংগৃহীত

কেন্দ্র দখলের অভিযোগ এনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর পৌনে ১০টার দিকে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

রাশেদুল ইসলাম চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিচের কর্মী-সমর্থকেরা সবকেন্দ্র দখলে নিয়ে ভোটারদের ভয় দেখিয়ে নিজেরাই চেয়ারম্যান পদের ভোট দিয়ে দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এভাবে একটি ভোট হয় না। আনোয়ারার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও লোকজন বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়ে কেন্দ্র দখলে নিয়েছেন। সকালে আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যেসব কেন্দ্রে আমার এজেন্ট যান তাঁদের এজেন্ট ফরম ছিঁড়ে বের করে দেওয়া হয়েছে। সব কটি কেন্দ্র বহিরাগত ব্যক্তিরা দখলে নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁরা চেয়ারম্যানের ভোটটি নিজেরা টিপে শুধু মেম্বারদের ভোটটি দিতে দিচ্ছেন। এসব কারণে আমি ভোট বর্জন করলাম।’

তবে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিচ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনোনয়ন ফরম জমা দিয়ে তিনি (বিদ্রোহী প্রার্থী) এলাকায়ও আসেননি। তাই ভোটাররা তাঁকে গ্রহণ করেননি। এ কারণে নিজের পরাজয় আঁচ করতে পেরে সরে গেছেন। তিনি আরও বলেন, ইভিএমে অনেক সুন্দর ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয়–পরাজয় যা–ই হোক, আমি ফলাফল মেনে নিব।’

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিচ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী (অটোরিকশা), আবুল হোসেন (আনারস) ও রেহেনা আকতার (ঘোড়া)। জুঁইদণ্ডী ইউনিয়নে ১২ হাজার ৮৬২ জন ভোটার আছেন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮২৮ ও নারী ভোটার ৬ হাজার ৩৪ জন।