আনোয়ারায় লাশ উদ্ধার, ধারণা হাতির হামলায় মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তি গুয়াপঞ্চক গ্রামেই থাকতেন। তবে তাঁর নাম–পরিচয় স্থানীয় লোকজন জানেন না। তাঁর আনুমানিক বয়স ৬০ বছর। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার রাতের কোনো একসময় হাতির হামলায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে গুয়াপঞ্চক গ্রামে হাতি আসে। এ সময় হাতি ওই এলাকার বিভিন্ন খেতের ফসল ও বাড়িঘরের ক্ষতি করে। তখন স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে কেউ ঘর থেকে বের হননি। পরে আজ সকালবেলা সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোলাইমান বলেন, ওই ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, হাতির হামলায় ওই ব্যক্তি মারা গেছেন।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক ছৈয়দ ওমর বলেন, সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। মৃতের শরীরের আঘাতের চিহ্ন ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, হাতির হামলাতেই অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।