আনোয়ারায় সাগরে মাছ ধরতে গিয়ে গুলিতে তরুণ নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাগরে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মো. রাসেল (২০) নামের এক জেলে নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সোয়া ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের সাত্তার মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাঁকে গুলি করে মেরেছে।
নিহত তরুণ মো. রাসেল উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। মোহাম্মদ রফিক বলেন, ‘কোস্টগার্ডের লোকজন আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে সাত্তার মাঝির ঘাট এলাকায় জাল দিয়ে সাগরে মাছ ধরছিলেন মো. রাসেল ও তাঁর মামা মো. এনাম (২৬)। ওই সময় দুটি স্পিডবোটে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের জাল তুলে নিতে চাইলে বাধা দেন রাসেল ও এনাম। এ সময় তারা পরপর দুটি গুলি করলে আহত হন রাসেল। পরে তাঁকে আনোয়ারা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাসেলের মামা ও প্রত্যক্ষদর্শী মো. এনাম বলেন, ‘আমরা মাছ ধরার সময় একটি বাহিনীর পরিচয় দিয়ে জাল তুলে নেওয়া হচ্ছিল। ওই সময় বাধা দিলে রাসেলকে গুলি করা হয়।’
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিশাত সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রাসেল। গুলির আঘাতে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
জেলেকে মেরে ফেলা হয়েছে এবং এটি একটি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ। তিনি বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি।’
এ বিষয়ে আনোয়ারা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘আজ আমাদের কোনো অভিযান ছিল না। আমরা অভিযান পরিচালনা করতে গেলে নৌ পুলিশ বা কোস্টগার্ডকে সঙ্গে রাখি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠাবে।