আনোয়ারায় ১ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ১ লাখ ৪৬ হাজার ইয়াবা বড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কালাবিবির দীঘির মোড় থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়।

দুপুরে নগরীর হালিশহর শান্তিবাগ পুলিশ লাইনস পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস এম রাশিদুল হক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। আনোয়ারা ও পটিয়া পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদুল হক (২৩), মো. ইব্রাহিম (২৬) ও জাহেদ হোসাইন (২৫)। তাঁরা সবাই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সকালে উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকা দিয়ে দুটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। তাঁরা দুটি ব্যাগে করে ইয়াবাগুলো নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের হাতে তাঁরা ধরা পড়েন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।