আনোয়ারায় ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যুবক নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ইউনিয়নের একটি কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অংকুর দত্ত (৩০)। তিনি চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় ২০০ গজ দূরে ইউপি সদস্য প্রার্থী রঘুনাথ সরকার ও আরেক প্রার্থী নাজিম উদ্দীনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অংকুর দত্ত নামের এক যুবক আহত হন। গুরুতর আহত অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁকে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম শিকদার বলেন, ভোটকেন্দ্রের পাশে গোলযোগের সময় এক যুবক নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।