আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবে পুরস্কার জিতেছে কলেজছাত্রী জে মুমু
কৃষ্ণচূড়ার একগুচ্ছ পাতায় ঢাকা পড়েছে এক চোখ। অন্য নীল চোখে হাসছেন শতবর্ষী নারী। করোনার লকডাউনে বাংলাদেশি এক তরুণীর মুঠোফোনে তোলা ‘শতবর্ষী আনন্দ’ শীর্ষক এই ছবি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। জাপানে অনুষ্ঠিত থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে ওই তরুণীর ছবিটি বেস্ট ফটোগ্রাফি বিভাগে সিলভার অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে।
ছবিটির আলোকচিত্রীর নাম জে মুমু। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্ততি নিচ্ছেন। তাঁর বাবা একজন ব্যবসায়ী। মা শিক্ষক। তিন ভাইবোনের মধ্যে মুমু দ্বিতীয়। ঈদের ছুটি কাটাতে দাদাবাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি যান তিনি। সেখানে মুঠোফোনে ওই ছবি তোলেন তিনি।
জে মুমু বলেন, ‘শখের বসে তোলা ছবিটি বাংলাদেশের জন্য এত বড় সম্মান বয়ে আনবে, তা আগে ভাবিনি।’
জানা গেছে, ১৪ থেকে ২০ ডিসেম্বর জাপানের কিউশু ইন্টারন্যাশনাল এক্সিবিশন স্কয়ারে তিন দিনব্যাপী থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যাল হয়। এতে বিশ্বের ৭০টি দেশের ৭১১ প্রতিযোগীর মধ্যে মুমুর ছবিটি সেরা নির্বাচিত হয়।
করোনা অতিমারির কারণে ৭ জানুয়ারি ভার্চ্যুয়ালি পুরস্কার বিতরণ উৎসব হয়।
জে মুমু বলেন, মুঠোফোনে তোলা ছবিটি রোমানিয়ার স্যাপিক্সেল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট এবং যুক্তরাজ্যের হান্টিংটন বিচ কালচারাল সিনেমা শোকেসের ফটোগ্রাফি বিভাগে প্রতিযোগিতার জন্যও চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।