আন্তর্জাতিক কৃষি পদক পেল বিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু শক্তি ব্যবহার করে কৃষিতে নানা উদ্ভাবনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। ময়মনসিংহে অবস্থিত এই প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শামছুন্নাহার বেগমও পেয়েছেন পুরস্কার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই পুরস্কার দিচ্ছে।

মঙ্গলবার দুপুরে বিনার সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিনা সূত্রে জানা গেছে, প্রতি দুই বছর অন্তর সারা বিশ্বের কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য পুরস্কার দিয়ে থাকে আইএইএ ও এফএও। বিনা যে পুরস্কার পেয়েছে সেটির নাম ‘অসামান্য অর্জন পদক’। বিনার বিজ্ঞানীরা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে ধান, গম, পাট, ডাল, তেল ও অন্যান্য ফসলের উচ্চফলনশীল ও উন্নত জাত উদ্ভাবন করেছেন। এ ক্ষেত্রে ‘মিউটেশনাল ব্রিডিং’ ও ‘কনভেনশনাল ব্রিডিং’ ও প্রজননের অন্যান্য উন্নত কলাকৌশল প্রয়োগ করে থাকেন তাঁরা। এ ছাড়া নিত্যনতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনে এই বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব কাজের স্বীকৃতি হিসেবে বিনাকে ওই পদকে ভূষিত করেছে আইএইএ ও এফএও। একই সঙ্গে ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শামছুন্নাহার বেগম।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শামছুন্নাহার বেগম বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট অনুযায়ী, ২০৩০ সালকে সামনে রেখে দ্বিগুণ ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষিবিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। তাঁদের গবেষণা কার্যক্রম কাজে লাগিয়ে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে বিনার কার্যালয়। ১৯৭০ সালে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা পায়। বিনার গবেষকেরা এ পর্যন্ত ১৮টি ফসলের ৮৩টি মিউট্যান্ট জাতসহ ১১৭টি অধিক গুণগত মানের ও উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে ধানের জাত ছাড়া রয়েছে শর্ষে, মসুর ডাল, মুগ ডাল, চিনাবাদাম, তিল, টমেটো, কাঁচামরিচ, ছোলা ও বারোমাসি লেবু।

বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁরা আনন্দিত। আসছে সেপ্টেম্বরে আইএইএ-এর ৬৫তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।