আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের রাজশাহী পর্ব শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরের রাজশাহী পর্ব শুরু হচ্ছে কাল রোববার। উৎসব শেষ হবে সোমবার। দুই দিনের এ উৎসব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকেলে আয়োজকদের পক্ষ থেকে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উৎসবের রাজশাহী ফেস্টিভ্যাল ডিরেক্টর আননাবা কবীর বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি জানান, ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ৫ মার্চ এ উৎসব শুরু হয়েছে। ৫ থেকে ১১ মার্চ ঢাকা বিভাগের উৎসব চলে। রোববার শুরু হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের উৎসব। সবশেষে হবে চট্টগ্রাম বিভাগের উৎসব। ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ ও সরকারের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী নিয়ন্ত্রকের কার্যালয় এ উৎসবের আয়োজন করেছে।

৫ থেকে ১১ মার্চ ঢাকা বিভাগের উৎসব চলে। রোববার শুরু হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের উৎসব। সবশেষে হবে চট্টগ্রাম বিভাগের উৎসব।

রাজশাহীতে উৎসবের প্রথম দিন বেলা ১১টা থেকে শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন করা হবে। বেলা ছয়টা থেকে ভারতের ‘মাই ফাদার সুপারহিরো’, বিকেল চারটা থেকে রাশিয়ার ‘সুমো কিড ওরফে লিটল ওয়ারিয়র’ এবং সন্ধ্যা ছয়টা থেকে ভারতের ‘হীরক রাজার দেশে’ প্রদর্শিত হবে। দ্বিতীয় দিন বেলা ১১টায় চীনের ‘কুংফু গার্ল’, বেলা ২টায় বিভিন্ন দেশের নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিকেলে সুইজারল্যান্ডের ‘প্রতিবেশী’ এবং সন্ধ্যায় বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঁঠাল’ প্রদর্শন করা হবে। এদিন বিশেষ প্রদর্শনী হিসেবে রাজশাহী অঞ্চলের শিশুতোষ চলচ্চিত্র নির্মাতাদের আটটি চলচ্চিত্রও দেখানো হবে।

উৎসবের সব প্রদর্শনী শিশু-কিশোরসহ তাদের অভিভাবকেরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী চিলড্রেনস ফিল্ম সোসাইটির আহ্বায়ক জাবীদ, সদস্যসচিব রমিজ হাসান, সমন্বয়কারী মুনিফ আরিয়ান, উৎসবের বাংলাদেশ পরিচালক শাহরিয়ার আল মামুন, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান, উৎসব সমন্বয়কারী কান্তাময়ী স্নেহা প্রমুখ।