আন্দোলন হবে অহিংস ভয়ের কারণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সরকারকে আশ্বস্ত করে বলেছেন, ‘ভয়ের কোনো কারণ নেই। আন্দোলন অহিংস হবে। দয়া করে আন্দোলন নস্যাৎ করতে সহিংস বাহিনী লেলিয়ে দেবেন না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার আন্দোলনের কর্মসূচি ঘোষণা ও নতুন মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। কিন্তু তাদের ভয়ের কারণ নেই, কিছুই হবে না।
মির্জা আব্বাসকে আহ্বায়ক করে গত শুক্রবার বিএনপির ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এরপর গতকালই তিনি প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে হাজির হলেন।
‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বিএনপির হাত থাকতে পারে’-আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পরোক্ষভাবে ইসরায়েলের চুক্তি আছে। তাঁর যুক্তি, ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের সঙ্গে ইসরায়েল একটি চুক্তি করেছিল। সেই কংগ্রেস সরকারের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাই বলা যায়, আওয়ামী লীগের সঙ্গে ইসরায়েলের চুক্তি আছে, বিএনপির সঙ্গে নয়।
মির্জা আব্বাস দাবি করেন, আওয়ামী লীগ বরাবরই নিষ্পেষণকারী ও সন্ত্রাসীদের দল। একসময় গণবাহিনী করে হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতা-কর্মীদের মেরেছেন। আর এখন সেই ইনুকেই আবার শেখ হাসিনা মন্ত্রী করেছেন। তিনি বলেন, সাদেক হোসেন খোকাকে সরিয়ে তাঁকে ঢাকা মহানগরের আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় আওয়ামী লীগের কোনো কোনো নেতা সমালোচনা করছেন। বলছেন, মুক্তিযোদ্ধা সরিয়ে কমিটিতে রাজাকার আনা হয়েছে। তাঁদের উদ্দেশে বলতে চাই, ‘আমি ও সাদেক হোসেন একই সেক্টরে যুদ্ধ করেছি।’
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি এ কে এম মহিউদ্দিন ভূইয়া।