
দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে চলা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য গতকাল শনিবার দুজনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন এম আবদুর রহিম ও মনোরঞ্জন শীল গোপাল।
২৪ আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডির ২১ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে ইয়াসমিন ট্র্যাজেডি স্মৃতি পরিষদ তাঁদের সংবর্ধনা দেয়। দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এম আবদুর রহিম দিনাজপুর-৩ আসনের সাবেক এবং মনোরঞ্জন শীল দিনাজপুর-১ আসনের বর্তমান সাংসদ।
শহরের রামনগর এলাকার শরীফা বেগমের মেয়ে ইয়াসমিন (১৩) ঢাকায় গৃহপরিচারিকার কাজ করত। সে ১৯৯৫ সালের ২৩ আগস্ট বাড়ির উদ্দেশে রওনা দেয়। দিনাজপুরগামী বাসের টিকিট না পেয়ে সে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে উঠে দিনাজপুরের দশমাইল মোড়ে নামে। সেখান থেকে পুলিশের টহল দল তাকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পিকআপ ভ্যানে তুলে ইয়াসমিনকে ধর্ষণ শেষে হত্যা করেন। এ ঘটনায় দিনাজপুরবাসী আন্দোলনে নামেন। এ সময় পুলিশের গুলিতে সাত আন্দোলনকারী প্রাণ হারান। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আজিজুল ইমাম চৌধুরী সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় মনোরঞ্জন শীল বলেন, দিনাজপুরবাসীর আট দফা দাবি অনুযায়ী নিহত লোকজনের পরিবার ও আহত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
দশমাইল মোড়-সংলগ্ন পূর্ব সাদিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দিনাজপুরের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভানেত্রী আজাদী হাই, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের শিল্পীরা অনুষ্ঠানে গণজাগরণের গান পরিবেশন করেন।