আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান প্রাক্তন তিন শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মকদ্দুছ আলী, কাসমির রেজা ও জ্যোতিলাল গোস্বামী
ছবি : সংগৃহীত

নিজেদের ক্যাম্পাসে পুলিশের হামলায় আহত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি মেনে নিতে পারছেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন তিন শিক্ষার্থী। তাঁরা বলছেন, এমন ঘটনা ঘটতে পারে, এটা তাঁদের কল্পনাতেও নেই। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের জ্যোতিলাল গোস্বামী পলিটিক্যাল স্টাডিজের ছাত্র ছিলেন। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যদি প্রথমেই মেনে নেওয়া হতো, তাহলে এখনকার পরিবেশ-পরিস্থিতি তৈরি হতো না। শাবিপ্রবির ইতিহাসে আরও বড় আন্দোলন হয়েছে। কিন্তু পুলিশি নির্যাতন তাঁরা কখনো দেখেননি। পুলিশি নির্যাতনই আন্দোলনটা এই পর্যায়ে নিয়ে গেছে। এখন আন্দোলনকারীরাও তাঁদের দাবিটা সরিয়ে নিয়ে এসেছে অন্যদিকে। তিনি আন্দোলনকারীদের সব যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান।

ষষ্ঠ ব্যাচের ছাত্র ও অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাসমির রেজা বর্তমানে শিক্ষকতা করছেন। তিনি বলেন, ‘শাবিপ্রবি আমাদের আবেগ ও অনুভূতির আঁতুড়ঘর। ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসের প্রাণ। কিন্তু অধিকার আদায়ের জন্য তাঁরা অভুক্ত থেকে দিনরাত কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে তাঁদের এই কষ্টে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’

কাসমির রেজা আরও বলেন, অতি সামান্য একটি বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। এর সমাধানে কালবিলম্ব করে প্রশাসন অদক্ষতার পরিচয় দিয়েছে, যার পরিণতিতে এই রক্তপাত ও দুর্ভোগ। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনা এটাই প্রথম নয়। ১৯৯৯ সালে দাবি আদায়ের জন্য তৎকালীন উপাচার্য হাবিবুর রহমানকে ১৯ ঘণ্টা একটি ভবনে আটকে রাখা হয়েছিল। তিনি পুলিশ ডেকে গুলির আদেশ দেননি। ছাত্রছাত্রীদের আন্দোলন থামাতে শটগানের গুলি বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তদন্ত সাপেক্ষে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে কাসমির রেজা বলেন, ‘সমস্যা যত জটিলই হোক না কেন, এর সমাধান আছে। অনশনকারীদের আর অভুক্ত রাখবেন না। শুধু নিজেদের স্বার্থ চিন্তা না করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ মাথায় রেখে সব মহলকে সমাধানের পথে এগিয়ে আসতে হবে।’

শাবিপ্রবির দ্বিতীয় ব্যাচের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন মো. মকদ্দুছ আলী। বর্তমানে একটি ব্যাংকে কাজ করছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার ছাত্র হিসেবে তিনি গর্বিত। বিশ্ববিদ্যালয়টির জন্ম থেকে বেড়ে ওঠা তাঁদের চোখের সামনেই। সুতরাং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁরা যেমন খুশি হন, ঠিক তেমনি এর দুঃসময় এলে পীড়িত বোধ করেন তাঁরা।

মকদ্দুছ আলী বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শাবিপ্রবির যে ভাবমূর্তি ছিল, তা অনেকটাই ক্ষুণ্ন হয়েছে। অত্যন্ত সহজ-সরল বিষয়টিকে কেন উপাচার্য এতটা জটিল করলেন, তা তিনি বুঝতে পারছেন না। হয়তো উপাচার্য মনে করেছিলেন, দাম্ভিকতা দেখিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন দমাতে পারলে ভবিষ্যতে কেউ তাঁর কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। এ রকম দাম্ভিক উপাচার্যের পদত্যাগ চাওয়াটাই যৌক্তিক মনে হয় তাঁর কাছে। এতে শাবিপ্রবি ও তার শিক্ষার্থীদের ভালো হবে।

মকদ্দুছ আলী বলেন, শাবিপ্রবির অনেক শিক্ষার্থী বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। কিন্তু কিসের জন্য তাঁরা শাবিপ্রবির উপাচার্য হতে পারেন না? তিনি চান, শাবিপ্রবি থেকে একজন শিক্ষককে উপাচার্য মনোনয়ন দেওয়া হোক। তিনি বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করবেন। শাবিপ্রবির জন্য ভাড়াটে উপাচার্য নিয়োগ বন্ধ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়।

এর প্রতিবাদে পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।