আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সিলেট নগরে প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সিলেট নগরেও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল চারটায় নগরের চৌহাট্টা এলাকায়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সিলেট নগরে প্রতীকী অনশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল চারটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অনশনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবি অবিলম্বে মেনে না নেওয়া হলে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতীকী অনশন চলাকালে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী পঙ্কজ চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশ হয়। প্রতীকী অনশনে যোগ দেওয়া শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যে উপাচার্য পুলিশকে হামলার নির্দেশ দেন, তাঁর উপাচার্য পদে থাকার কোনো অধিকার নেই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভীন, স্মৃতি রানী মুদি, মইনুল ইসলাম, তইবুর রহমান; সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী শ্যামলী দাস, তানজিনা বেগম; সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আরমান হোসেন; লিডিং ইউনিভার্সিটির ছাত্রী বুশরা সোহাইলি; মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহির চৌধুরী; শিক্ষার্থী দোয়েল রায়, মিজু আহমদ, সন্দীপ দাস, এনামুল হক সামি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন করছেন। তাঁদের অবস্থা সংকটাপন্ন। অথচ তাঁদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাকায় আলোচনার জন্য ডেকেছেন। তিনি নিজেই সিলেটে এসে এ আলোচনা করতে পারেন। তবে বিশ্ববিদ্যালয়ের যে সংকট চলছে, এর একমাত্র সমাধান হলো উপাচার্যের পদত্যাগ।