আন্দোলনের কারণে সান্তাহার স্টেশনে আটকে আছে তেলবাহী ট্রেন
ভাতা নিয়ে ট্রেনচালক, সহকারী চালক ও পরিচালকদের আন্দোলনের কারণে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে প্রায় ১৮ ঘণ্টা ধরে আটকে রয়েছে জ্বালানি তেলবাহী একটি ট্রেন। ট্রেনটি ৩০টি তেলভর্তি ওয়াগন নিয়ে খুলনা থেকে পার্বতীপুর জংশন স্টেশন যাচ্ছিল।
সান্তাহার জংশন স্টেশন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে। এরপর আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন না করার অজুহাত দেখিয়ে ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক ট্রেনটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে রেখে নেমে যান।
সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার আবদুল খালেক জানান, ট্রেনটি রাত দুইটা নাগাদ স্টেশনে আসার পর ট্রেনের পরিচালক (গার্ড) সানাউল হক, চালক (এলএম) আলমগীর হোসেন ও সহকারী চালক (এএলএম) মিজানুর রহমান জানান, তাঁরা আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁরা অন্য পরিচালক, চালক ও সহকারী চালককে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন এবং বিষয়টি রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষকে জানাতে বলে চলে যান। এরপর থেকে তেলভর্তি ৩০টি ওয়াগনসহ ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকক্ষকে জানানো হয়েছে। বিকেল চারটা নাগাদ বিকল্প পরিচালক, চালক ও সহকারী চালক না আসায় ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি।
মুঠোফোন নম্বর না পাওয়ায় ট্রেনটির পরিচালক, চালক ও সহকারী চালককের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রেলের রানিং স্টাফ ও শ্রমিক কল্যাণ সমিতির পার্বতীপুর শাখার আহ্বায়ক সাইফুল আজম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাইলেজ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার সমাধান না হওয়ায় ৩০ জানুয়ারি থেকে আমরা টানা কর্মবিরতি কর্মসূচিতে যাব। দীর্ঘদিন ধরে মাইলেজ সমস্যা সমাধানের জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি, কিন্তু বিষয়টির সমাধান না হওয়ায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।’
সান্তাহার স্টেশনে তেলবাহী ট্রেন আটকে থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইএলও সনদ অনুযায়ী আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করার বিধান নেই। সে কারণে ট্রেনের যাত্রা শুরুর স্থান থেকে যেখানে আট ঘণ্টা দায়িত্ব পালন হবে, সেখানেই পরিচালক, চালক ও সহকারী চালকেরা বিশ্রামে চলে যাবেন। তেলবাহী ট্রেনের পরিচালক, চালক ও সহকারী চালকদের দায়িত্ব পালন আট ঘণ্টা হয়ে যাওয়ায় তাঁরা বিশ্রামে চলে গেছেন। এখন বদলি পরিচালক, চালক ও সহকারী চালক দিয়ে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যেতে হবে।
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমী আক্তার বিকেল পৌনে পাঁচটায় বলেন, এখন পর্যন্ত কোনো পরিচালক, চালক ও সহকারী চালক সান্তাহারে আসেননি। এ কারণে ট্রেনটি স্টেশনেই রয়েছে।