আপনাদের কষ্টের দিন শেষ হতে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ছিটমহলবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনারা দীর্ঘদিন অনেক দুঃখ-কষ্ট সয়েছেন। আশা করি, সেই দিন শেষ হতে চলেছে। ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিলটি পাস হয়েছে। এখন দুই দেশের আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।’
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের দাশিয়ার ছিটমহলে গতকাল রোববার মতবিনিময় সভায় ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ, সমন্বয় কমিটির আইন উপদেষ্টা আব্রাহাম লিংকন, সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও কমিটি দাশিয়ারছড়া ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
ছিটমহলবাসীর উদ্দেশে পঙ্কজ সরন বলেন, ‘আপনাদের আনন্দের সঙ্গী হতে আমি এখানে এসেছি। আমার বিশ্বাস, দীর্ঘদিনের একটি মানবিক সমস্যা দ্রুততম সময়ে সমাধান হতে যাচ্ছে।’ তবে তিনি এ কথাও বলেন, ‘আপনাদের (ছিটমহলবাসীর) সহযোগিতার ওপরই এই চুক্তির দ্রুত বাস্তবায়ন নির্ভর করছে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার মাধ্যমে এই চুক্তির বাস্তবায়ন হবে বলে তিনি আশা করেন। চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
এর আগে সকাল ১০টার দিকে পঙ্কজ সরন ভারতীয় দাশিয়ারছড়ায় পৌঁছালে ছিটমহলবাসী তাঁকে স্বাগত জানান। তাঁরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভারত সরকারের কাছে পুনর্বাসনের জন্য অর্থ বরাদ্দের দাবি জানান।
দুপুরে পঙ্কজ সরন ভূরুঙ্গামারী থেকে ১২ কিলোমিটার দূরে সাহেবগঞ্জ ছিটমহলে যান। পরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় সাহেবগঞ্জ ইউনিটের সভাপতি বছির উদ্দিনের বাড়িতে মতবিনিময় সভায় যোগ দেন।
হুমকি ও ভয় দেখানোর অভিযোগ: কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে বিভিন্ন ছিটমহলে হুমকি, ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ছিটে শান্তি বজায় রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবি নজরদারি, টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষায় কমিটি গঠন করেছে।
ভয়ভীতি দেখানোর অভিযোগ করে দাশিয়ারছড়া ছিটমহলের মিজানুর রহমান, সামছুদ্দিন, মোজ্জাম্মেল হকসহ কয়েকজন জানান, তাঁরা ভারতে চলে যাওয়ার কথা ভাবছেন। কারণ, বিভিন্ন লোকজন তাঁদের ভয় দেখাচ্ছে।
দীঘলটারি ছিটমহলের জিল্লুর রহমান বলেন, ‘ছিটমহলের বাইরের এক ব্যক্তি কয়েক বছর আগে তাদের জমি দখল করে। এখন আবার সেই পাঁয়তারা করছে। হুমকি দিচ্ছে ক্ষতি করার।’
এ বিষয়ে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ছিটমহলে আইনশৃঙ্খলা রক্ষায় গত শুক্রবার অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। শান্তি বজায় রাখতে ১১১টি ছিটমহলে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ছিটমহল বিনিময় সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কমিটি আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল জাকির হোসেন জানান, শুক্রবার সকালে দাশিয়ারছড়া ছিটমহলের মানুষদের নিয়ে তিনি আইনশৃঙ্খলা বিষয়ে সভা করেন। এ সময় তিনি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।