আপস শুভ ফল বয়ে আনবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে উদীচীর গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের ক্রমবর্ধমান আপস ও আত্মসমর্পণ জাতির জন্য কোনোভাবেই শুভ ফল বয়ে আনবে না। প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরকে মাস্টার্সের সমমান করার যে ঘোষণা দিয়েছেন, সেটা আইনের লঙ্ঘন। কারণ মাস্টার্স সমমানের ঘোষণা দিতে পারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ের সুপ্রভাত স্টুডিও মিলনায়তনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতাকরণ, পয়লা বৈশাখের ওপর আক্রমণ-অপপ্রচার, ভাস্কর্য অপসারণ, কওমি মাদ্রাসার অন্যায্য মর্যাদাদানসহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ ও সাম্প্রদায়িক নীতি প্রতিরোধ’ করা নিয়ে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সভাপতি লেখক বেগম মুশতারী শফী।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন গাজী সালেহউদ্দিন, একই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রণজিৎ দে, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সিপিবি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অশোক সাহা, সিপিবি চট্টগ্রামের সাবেক সভাপতি মৃণাল চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও কবি কামরুল হাসান আলোচনায় অংশ নেন।

মুশতারী শফী বলেন, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতাকরণ, ভাস্কর্য অপসারণ কিংবা কওমি মাদ্রাসার অন্যায্য মর্যাদাদান মৌলবাদকে উৎসাহিত করবে। এই আপস ও আত্মসমর্পণের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

গাজী সালেহউদ্দিন বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো তফাত নেই। কায়েমি স্বার্থ বড় করে দেখে তারা হেফাজতের সঙ্গে আপস করছে।

অধ্যাপক রণজিৎ দে ও অধ্যাপক মো. জাহাঙ্গীর বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাকে মাস্টার্স সমপর্যায়ের ঘোষণা দেওয়া আইনের লঙ্ঘন। এটা ঘোষণা দিতে পারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা।

উদীচীর সহসভাপতি চন্দন দাশের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সংস্কৃতিকর্মী রণজিৎ রক্ষিৎ প্রমুখ।