আবার ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা
বৈশাখের শুরু হলেও নেই খরতাপ। এর ওপর মেঘাচ্ছন্ন আকাশ। মৃদু ঠাণ্ডা বাতাসও বইছে। রংপুর নগরের আশপাশের এলাকা থেকে সাইকেলে করে শত শত মানুষ শহরে ঢুকছেন। সবাই বেরিয়েছেন কাজের সন্ধানে। কেউ যেন বসে নেই।
রংপুর নগরের ধাপ শিমুলবাগ এলাকায় শ্রমের হাটে কথা হলো অনেকের সঙ্গে। আট কিলোমিটার দূরের গঙ্গাচড়ার ধামুর এলাকা থেকে সাইকেল করে ডালি–কোদাল নিয়ে ছুটে এসেছেন রফিকুল ইসলাম (৪০) নামের একজন দিনমজুর। তিনি বললেন, ‘এই কয় দিন আগোত শহরোত কাজ আছলো না। এলা কাজের অভাব নাই। বাসাবাড়ির বিল্ডিংয়ের কাজ এলা অনেক। বালু-ইট বহনের কাজ করি। প্রতিদিন আয় হয় ৬০০-৮০০ টাকা পর্যন্ত।’
নগরের কেরানীপাড়া চারমাথা মোড়েও দেখা গেল সাইকেলের মধ্যে ডালি নিয়ে বসে আছেন ৪০–৫০ জন দিনমজুর। করোনাকালের সংকট কাটিয়ে শহরে আবার কাজ বেড়েছে। দিনমজুরেরা তাই স্বস্তিতেই দিন পার করছেন।
নুরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘হামার এলা দাম বাড়ছে। আইসা মাত্র কাজ পাওয়া যায়। বালু ও ইট সরানোর কাজ করা হয়। তাতে আয় হয় ভালো। এক দিন–দুই দিন কাজ না করলেও খাবারের অসুবিধা হয় না।’
শহরে প্রবেশের পথ নিসবেতগঞ্জ সেতুর কাছে এক ঘণ্টা দাঁড়িয়ে দেখা গেল, সাতসকালেই সাইকেলে আর হেঁটে শত শত কর্মজীবী মানুষ ছুটছেন। এর মধ্যে বেশির ভাগই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাটের কর্মচারী। শহরলাগোয়া নজিরের হাট, কেরানীর হাট, লাহিড়ির হাট, মণ্ডলের হাটসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ শহরে কাজ করতে আসেন।
মণ্ডলের হাট এলাকার বাসিন্দা দোকানকর্মচারী শরিফুল ইসলাম বলেন, বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। এতে খাওয়াদাওয়ার খরচ বেড়ে গেছে। তবে বাজার–খরচ কমিয়ে নিজের মতো সামলে নিয়েছেন তিনি। চাকরি আছে বলে কারও দ্বারস্থ হতে হয় না। সব মিলিয়ে ভালোই আছেন তিনি।
রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আরও অনেকেই অভিযোগ করলেন। তবে করোনাকালের জীবন তাঁদের হিসাবনিকাশ করে চলতে শিখিয়েছে। এ কারণে সীমিত উপার্জন দিয়ে হিসাব করে বাজারসদাই করেন তাঁরা।
নগরের কুকরুল আমাশু এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ নাসির বলেন, ‘ঈদের অপেক্ষায় বসে আছি, বাজারের অবস্থা আগের মতো হয়ে উঠছে। মানুষজন সাধ্যমতো ঈদের কেনাকাটা করছেন। দুই বছর ধরে খুব কষ্টে দিন কাটলেও মানুষের কেনাকাটা ও আনাগোনা দেখে মনে হচ্ছে আবার সুদিন ফিরে এসেছে।’