আবার তেলবাহী চারটি ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছালে এর চারটি ট্যাংকার ও ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
ঘটনার পর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়েছে। এ বিষয়ে আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমদ জানান, হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার জামার উদ্দীন বলেন, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী একটি ট্রেন শাহজীবাজার গেছে। লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
গত ৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছিল। আজ আবার মাধবপুরের শাহজীবাজার রেলস্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
গত ৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছিল। এর এক সপ্তাহের মধ্যে আবার মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় একটি সারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল। এরপর আজ মাধবপুরের শাহজীবাজার রেলস্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।