আবার নির্মাণ হচ্ছে মার্কেটটি

মার্কেটটির মালিক বিএনপি নেতা খলিলুর রহমান। নদ থেকে বালু ওঠানোর অভিযোগে চার বছরের কারাদণ্ডও হয়েছিল তাঁর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার নদের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে মার্কেট। গত রোববার তোলা
ছবি: প্রথম আলো

কুমার নদের জায়গা দখলের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভেঙে দেওয়া হয়েছিল শৈলকুপা পৌরসভার নতুন বাজার এলাকার ফাতেমা মার্কেটের অর্ধেক অংশ। তবে দখলমুক্ত হয়নি জায়গাটি। ১৪ বছর পর ওই জায়গায় আগের মতোই করা হচ্ছে দোতলা মার্কেট।

মার্কেটটির মালিক ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির নেতা খলিলুর রহমান। পৌরসভার চেয়ারম্যান থাকাকালে শহর বৃদ্ধির অজুহাতে কুমার নদের সাত একর জায়গা ভরাট করেন তিনি। সেখানে তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে তোলা হয়। এর মধ্যে খলিলুরের দখলে রয়েছে ফাতেমা মার্কেটসহ বেশ কয়েকটি দোকান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধভাবে নদ দখলের অভিযোগে ২০০৮ সালে ফাতেমা মার্কেটের অর্ধেক অংশসহ বেশ কিছু দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ভেঙে দেওয়া ঘরগুলো নতুন করে মেরামত করে মালিকপক্ষ। ভেঙে দেওয়া সেই ফাতেমা মার্কেটে সম্প্রতি আবার দোতলা করার কাজ চলছে। এ মার্কেটের এক তলাতে বড়-ছোট ১৭টি দোকান রয়েছে। ওপরে ব্যাংক, বিমা বা ক্লিনিক করা হবে বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান প্রথম জীবনে জাসদ করতেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে বিএনপির টিকিটে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের সময় দেশের সব কটি পৌরসভায় নির্বাচন হলেও আইনি জটিলতায় শৈলকুপা পৌরসভার নির্বাচন বন্ধ থাকে। দ্বিতীয় দফায় বিএনপি ক্ষমতায় এলে আবারও ওই পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন খলিলুর। বর্তমানে তিনি শৈলকুপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

সরেজমিনে দেখা গেছে, খলিলুর রহমানের ফাতেমা মার্কেটের দোতলার কাজ চলছে। দ্রুতগতিতে কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। মার্কেটের যে অংশ ভেঙে দেওয়া হয়েছিল, সেই অংশ ইতিপূর্বে মেরামত করে নেওয়া হয়েছে। সেখানে আবারও দোকান প্রতিষ্ঠিত হয়েছে।

মার্কেটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মার্কেটে মাত্র ছয়টি দোকান ছিল, বাকিগুলো ভাঙা হয়েছিল। ভাঙা দোকানগুলো মেরামত করা হয়েছে অনেক আগেই। এখন মার্কেটটি দোতলা করার কাজ চলছে। একটি বস্ত্রালয়ের মালিক বলেন, তাঁরা মোটা অঙ্কের টাকা দিয়ে পজিশন নিয়েছেন। একেকটি দোকানের ভাড়া ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। এগুলো সবই সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান নিচ্ছেন। খলিলুর শহর বৃদ্ধির কথা বলে নদের জায়গা দখল করেছেন বলে তাঁরাও শুনেছেন।

পৌর শহরের বাসিন্দা শওকত হোসেন বলেন, খলিলুর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথমেই কুমার নদের প্রায় সাত একর জমি অবৈধভাবে দখল করেন, যে স্থানে ২৪–২৫ ফুট গর্ত ছিল, নদের স্রোত চলত। দোকান বসানোর লোভ দেখিয়ে নিজের পছন্দের কিছু লোক দিয়ে মাটি ভরাট করান তিনি। অথচ এই মাটি ভরাটের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প এনে পৌরসভার মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন তিনি। এ ছাড়া চেয়ারম্যান থাকাকালে খলিলুর রহমান খননযন্ত্র দিয়ে নদ থেকে বালু উঠিয়ে পাড় ভরাট করেছিলেন। এই বালু ওঠানোর অভিযোগে করা মামলায় তাঁর চার বছরের কারাদণ্ডও হয়েছিল।

তবে খলিলুরের দাবি, ফাতেমা মার্কেটটি নদের জায়গায় পড়েনি। তিনি বলেন, মার্কেটটি কবিরপুর মৌজায় ভেবে সেই সময়ে সরকারি লোকজন ভেঙে দিয়েছিলেন। কারণ, কবিরপুর মৌজা নদের জায়গা। আর তিনি মার্কেট করেছেন শৈলকুপা মৌজায়। জায়গাটি এখন তাঁর। সব কাগজপত্র আছে।

শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল বলেন, জায়গাটি নদ ও পেরিফেরিভুক্ত বাজারের জায়গা। তারপরও খলিলুর রহমান আদালতের রায়সহ কিছু কাগজপত্র দেখাচ্ছেন, যার বিরুদ্ধে সরকারপক্ষ ইতিমধ্যে আপিল করেছে। সরকারি জায়গা সরকারের অনুকূলে আসবে বলে আশা পার্থ প্রতীমের।