আবার নৌকার মাঝি হলেন লক্ষ্মীপুরের তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেনারা পারভীন, শাহনাজ বেগম ও শাহিনুর বেগম (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ওই তিন নারী প্রার্থীকে মনোনয়নসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে মাহেনারা পারভীন ও ইছাপুর ইউনিয়নে শাহনাজ বেগম। তাঁরা তিনজনই বর্তমান ইউপি চেয়ারম্যান।

মূলত ওই তিন নারী চেয়ারম্যানের স্বামীরা আগে চেয়ারম্যান ছিলেন। করোনাকালে দুজন ও এর আগে একজন মারা যান। পরে তিন ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হলে ওই তিন নারী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০ ইউপি ও রামগঞ্জের ১০ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিনুর বেগম বলেন, গত বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে তাঁর স্বামী শাহজাহান কামাল মারা যান। তাঁকে এবার মনোনয়ন দেওয়ায় দল তাঁর স্বামীর অবদান আবার মূল্যায়ন করেছে বলে মনে করেন তিনি।

এদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিনটি ইউনিয়নে নারী চেয়ারম্যান প্রার্থী দেওয়া হয়েছে।