আবার বছর কুড়ি পরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিয়ে যাওয়ার ২০ বছর পর বাবা-মায়ের সঙ্গে দেখা হয়েছে বেবী আক্তারের (মাঝে)। পাশে তাঁর দুই সন্তান
ছবি: প্রথম আলো

বেবী আক্তারের জন্ম রাজশাহীর মোহনপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। মা-বাবা আর চার ভাইবোনের অভাবের সংসারে তাঁদের নুন আনতে পান্তা ফুরাত। ছয়টি মুখের আহার জোগাতে দিনমজুরের কাজ করতেন বেবীর বাবা রফিজ মণ্ডল। তবুও একবেলা আধপেটা খেয়ে তাঁদের দিন কাটত। জীবিকার লড়াইলে ক্লান্ত রফিজ মণ্ডল তাই ২০০২ সালের এক সকালে ৯ বছর বয়সী নিজের বড় সন্তান বেবীকে নিয়ে ঢাকার পথে রওনা দেন।

কামাল হোসেন নামের তাঁদের দুর্গাপুরের এক প্রতিবেশী থাকতেন ঢাকার মিরপুরে। কামালের বাসাতেই গৃহকর্মীর কাজ জোটে বেবীর। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, ফসলের মাঠের আল ঘেঁষে দৌড়ে বেড়ানোর কথা, শ্যামলবরণ গ্রাম্য মেয়ের রোদেলা দুপুরে মধ্যপুকুরে অবাধ সাঁতার কাটার কথা সে বয়সেই মিরপুরে এক বাসায় হাঁড়িপাতিল ধোয়া আর ঘর মোছার কাজ করতেন বেবী। একটু ভালো থাকার জন্য বাড়ি থেকে এখানে কাজ করতে এলেও তাঁর কপালে পুরস্কারের বদলে ছিল শাস্তি। কাজে ভুলভ্রান্তি হলে ৯ বছর বয়সী শিশুটিকে মারধর করতেন কামাল হোসেন ও তাঁর স্ত্রী। বাবা শহরে এলে বেবী তাঁকে বলতেন এই নির্যাতনের কথা। কিন্তু ভাতের অভাব এতটাই নির্মম যে কী খাওয়াবেন, সেই দুশ্চিন্তায় মেয়েকে আর গ্রামে ফিরিয়ে নিতেন না বাবা রফিজ মণ্ডল। মেয়েকে শক্ত হয়ে থাকতে বলতেন। শক্ত হতে হতে নির্যাতনে আবার ভেঙে পড়ত বেবী। এরপর এক দুপুরে সেই বাসা থেকে পালিয়ে যায় সে।

গৃহকর্তার ঘর ছেড়ে মিরপুরের এক রাস্তার পাশে বসে কাঁদছিল বেবী আক্তার। এমন সময় সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন শাহনুর বেগম নামের এক নারী। মেয়েটিকে দেখে শাহনুরের বড় মায়া হলো। তিনি জানতে চাইলেন, সে কাঁদছে কেন? তখন বেবী, পুরো ঘটনা বলে। গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুরে বলতে পারলেও সেখানকার কোন গ্রামে তাদের বাস, সেটি বলতে পারছিল না বেবী। তখন শাহনুর বেগম মেয়েটিকে নিয়ে আসেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামে। এখানেই তাঁর অন্য ছয় সন্তানের সঙ্গে বেবী আক্তারকে বড় করেন তিনি।

বেবী আক্তারের বয়স এখন ২৯। ২০১৪ সালে বরিশালের আগৈলঝাড়ার ব্যবসায়ী সোহেল ফকিরের সঙ্গে ধুমধাম করে বেবীর বিয়ে দেন শাহনুর বেগম ও তাঁর স্বামী। বেবী-সোহেলের সংসারে বর্তমানে দুই সন্তান রয়েছে।

বেবীর ধারণা ছিল, তিনি হয়তো কোনো দিনই তাঁর মা-বাবার দেখা আর পাবেন না। সে জন্য স্মৃতির ডায়েরি খুলে তিনি সব সময়ই তাঁর শৈশবের গল্প বলতেন। কিছুদিন আগে এমন গল্পই বলছিলেন নিজের সন্তানদের গৃহশিক্ষক পারভীন বেগমকে। পারভীন বেগমের কলেজজীবনের সহপাঠী ছিলেন রাজশাহীর মোহনপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্যবসায়ী আমিনুল ইসলাম। পারভীন আমিনুলকে পুরো ঘটনা বলেন। আমিনুল সেটি বলেন তাঁর বন্ধু শহিদুল ইসলাম নামের দুর্গাপুরের এক ব্যক্তিকে। শহিদুলের ভাই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল ইসলাম। লতিফুল ঘটনাটি জানতে পেরে দুর্গাপুর গ্রামের রফিজ মণ্ডলকে খুঁজে বের করেন।

গতকাল বৃহস্পতিবার রফিজ মণ্ডল ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম বরিশালের আগৈলঝাড়ায় পৌঁছান। সেখানে ২০ বছর পর দেখা হয় তাঁদের মেয়ে বেবী আক্তারের সঙ্গে। বেবীকে পাওয়ার পাশাপাশি তাঁরা পান জামাতা ও দুই নাতি-নাতনিকে। এ সময় আনন্দে অশ্রুসিক্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই।

বেবী আক্তার প্রথম আলোকে বলেন, ‘কোনো দিন ভাবতেও পারিনি, মা-বাবাকে আবার ফিরে পাব। আমার একটাই চাওয়া ছিল, জীবনে মা-বাবাকে যেন একবার হলেও দেখতে পারি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি মা-বাবাকে ফিরিয়ে দিয়েছেন।’

মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তাঁর মা সুফিয়া বেগম বলেন, ‘২০ বছর ধরে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাইনি। এভাবে ফিরে পাব, এটা কোনো দিন ভাবিনি।’

বেবী আক্তারের ভাই বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০২ সালে আমার মা ঢাকায় এক আত্মীয়ের বাসায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তখন মিরপুরের রাস্তার পাশে কান্না করতে দেখে আমার মা বেবীর কাছে এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে মাকে জড়িয়ে ধরে বেবী সব ঘটনা খুলে বলে। এরপর মা বেবীকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসে। সেই থেকে বেবী আমাদের পরিবারের সন্তান হিসেবে বড় হয় এবং লেখাপড়া করে। এমনকি বেবীর জাতীয় পরিচয়পত্রেও আমার মা-বাবার নাম দেওয়া হয়। আমরা আপন চার ভাই, দুই বোন ছিলাম। পরে বেবী আমাদের ছোট বোন হিসেবে তৃতীয় বোনের মর্যাদা পায়। আমার বড় দুই বোনকে বিয়ে দেওয়ার সময় কোনো ভালো অনুষ্ঠান করতে না পারলেও ছোট বোন বেবীকে ২০১৪ সালে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে দেন আমার মা-বাবা।’