আবার বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধি ভেঙে জেলা প্রশাসকের নামে রেকর্ড করার পর এবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাড়ারগজ সংরক্ষিত বনের সেই দুই সহস্রাধিক একর জমি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে। অথচ বিষয়টি নিয়ে করা মামলা এখনো নিষ্পত্তি হয়নি।
জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জমিটি বন্দোবস্তের যোগ্য হলে বন্দোবস্ত দেওয়া হবে। অযোগ্য হলে দেওয়া হবে না। দেশের জনসংখ্যা বেশি। তাই প্রতি ইঞ্চি জায়গা উৎপাদনকাজে লাগাতে হবে। মাঠপর্যায়ের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
বন বিভাগ সূত্র জানায়, জুড়ী-১ রেঞ্জের আওতাধীন হাড়ারগজ সংরক্ষিত বনটি দীর্ঘদিন জরিপের বাইরে ছিল। ২০১০ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই সদস্যের একটি দল ডিজিটাল পদ্ধতিতে বনটির জরিপ শুরু করে। জরিপ শেষে হাড়ারগজ সংরক্ষিত বন মৌজায় বন বিভাগের নামে ১১ হাজার ৬৮ দশমিক ৮৯ একর জমি রেকর্ড হয়। একই মৌজায় ২০১৩ সালের ৪ আগস্ট জেলা প্রশাসকের নামে রেকর্ড হয় ২ হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি।
ওই জমি বন্দোবস্ত পেতে জুড়ীর সাগরনাল চা-বাগানের সাবেক মালিকপ্রতিষ্ঠান নিউ সাগরনাল টি কোম্পানির চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া চা-বাগান সম্প্রসারণের জন্য ২০০০ সালের দিকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন। এ নিয়ে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জুড়ীর সংরক্ষিত বনের দুই হাজার একর জমি: জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জমি ফেরত পেতে বন বিভাগের পক্ষ থেকে সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়। বিষয়টি জানার পর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক ২০১৪ সালের ৯ মে ডিসির নামে রেকর্ড হওয়া হাড়ারগজ বনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। ওই বছরের ১৩ জুলাই মহাপরিচালক এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিবেদন পাঠান।
প্রতিবেদনে বলা হয়, হাড়ারগজ বনের যে জমি ডিসির নামে রেকর্ড হয়েছে, তা বনের মধ্যাংশ। সেখানে প্রাকৃতিক বন, বাঁশমহাল ও বিভিন্ন জাতের বন্য প্রাণীর আবাস রয়েছে। অথচ রেকর্ডের খতিয়ানে ৯ নম্বর কলামে জমিটিকে শুধু ‘টিলা’ উল্লেখ করে ভুল তথ্য দেওয়া হয়েছে। বিষয়টির চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত বনভূমি কোনো ব্যক্তিকে বন্দোবস্ত না দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অনুরোধ করা হয়।
২০০১ সালে প্রণীত ভূমি রেকর্ড ও নকশাবিষয়ক নির্দেশাবলি অনুযায়ী, ১৯২৭ সালের বন আইন অনুযায়ী সংরক্ষিত বনের সব জমি বন বিভাগের নামে খতিয়ানভুক্ত হবে। এ ছাড়া বন বিভাগ প্রত্যর্পণ না করলে সংরক্ষিত বা অধিগৃহীত হিসেবে চিহ্নিত বনের কোনো জমি কারও নামে রেকর্ড করা যাবে না।
এদিকে প্রতিবেদন প্রকাশের আগেই রেকর্ড হওয়া জমির গেজেট প্রকাশ করা হয়। এ অবস্থায় ২০১৫ সালের ১৪ জুলাই সিলেটের তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার এজাহারে ডিসির নামে ১ নম্বর খতিয়ানে রেকর্ড হওয়া জমির রেকর্ড সংশোধন করে তা বন বিভাগের নামে ২ নম্বর খতিয়ানে রেকর্ড করার আবেদন জানানো হয়। ওই মামলা এখনো নিষ্পত্তি হয়নি।
উপজেলা ভূমি কার্যালয়ের একটি সূত্র জানায়, ঢাকার রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান গত ১৬ ফেব্রুয়ারি ভূমিমন্ত্রী বরাবর ওই জমি বন্দোবস্ত পেতে আবেদন করেন। ৩০ মার্চ ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়।
বন বিভাগের আইনজীবী নিখিল রঞ্জন দাস বলেন, ১৩ জুন ভূমি জরিপ ট্রাইব্যুনালে সরকারপক্ষের জবাব দাখিলের কথা থাকলেও তা দাখিল করেনি। সরকারপক্ষ ১০ আগস্ট পর্যন্ত সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনগতভাবে বনের জমি কোনো প্রতিষ্ঠানকে বন্দোবস্ত দেওয়া যাবে না।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এস এম ইবনুল হাসান বলেন, বন ও পরিবেশের যাতে ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে প্রতিবেদন পাঠানো হবে। বন্দোবস্ত দেওয়া বা না দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম বলেন, ‘স্বার্থান্বেষী মহল ভুল তথ্য দিয়ে হাড়ারগজ বনের জমি জেলা প্রশাসকের নামে রেকর্ড করেছে। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি। মামলা চলমান থাকাবস্থায় বনের জমি যাতে কাউকে বন্দোবস্ত না দেওয়া হয়, সে ব্যাপারে ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার ভূমি কর্মকর্তাদের আমরা চিঠি দিয়ে জানিয়েছি।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, হাড়ারগজ বনের জমি বন্দোবস্ত দেওয়ার উদ্দেশেই ডিসির নামে ওই জমি রেকর্ড করা হয়েছে। অথচ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো অবস্থাতেই বন ধ্বংস করে চা-বাগানের জন্য জমি বন্দোবস্ত দেওয়া ঠিক হবে না।