আবার বিদ্যালয়ে যাচ্ছে শাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহীন মিয়া কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। কিন্তু ক্লাস শুরুর এক মাস পর পড়াশোনা বন্ধ করে সে বাবার চায়ের দোকানে কাজ শুরু করে। গতকাল শনিবার থেকে সে আবার বিদ্যালয়ে যাচ্ছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন।

শাহীন মিয়ার বাড়ি কচুয়া গ্রামে। সে মিনহাজ উদ্দিনের ছেলে। সে গতকাল শনিবার বলে, ‘স্কুলে নতুন বই পেয়েছি। এখন থেকে আমি পড়ব ও খেলব। অনেক দিন পর স্কুলে গেলাম। খুব ভালো লাগল।’

এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করতে আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। সেখানে দুই হাতে করে আট কাপ চা নিয়ে আসে শাহীন। তখন শাহীনের শিশুশ্রমের বিষয়টি নজরে আসে শওকত শিকদারের। পরে তিনি মিনহাজ উদ্দিনকে ডেকে ছেলের বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চান। মিনহাজ অভাব-অনটনের কথা জানান। এ সময় শাহীন পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করে। তখন শাহীনের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান শওকত শিকদার। তিনি মাসে শাহীনকে দুই হাজার টাকা, কাপড়চোপড় ও খাতা-কলম কিনে দেওয়ার কথা বলেন। এ সময় এক মাসের খরচ বাবদ তিনি দুই হাজার টাকা শাহীনের বাবার হাতে তুলে দেন। গতকাল থেকে শাহীন বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে।

শাহীনের বাবা মিনহাজ উদ্দিন বলেন, ‘ছেলেকে আর চায়ের দোকানে কাজ করতে দেব না।’