আবারও পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার।
প্রতীকী ছবি

পদ্মা সেতু এলাকা থেকে আরেক ভারতীয়কে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পদ্মা সেতুর টোলপ্লাজাসংলগ্ন জাজিরার নাওডোবা এলাকা থেকে রূপসা রায় (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গুজরাটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জাজিরা থানায় তাঁর বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে ভারতের আরেক নাগরিক বিজয় কুমার রায়কে (৪২) আটক করা হয়। তিনি ভারতের বিহারের বাসিন্দা। তাঁর বাবার নাম টুনা রায়। জাজিরা থানায় দায়ের করা মামলায় তিনি শরীয়তপুর জেলা কারাগারে আছেন।

জাজিরা থানার পুলিশ সূত্র জানায়, সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল রাতে পদ্মা সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। তখন পদ্মা সেতুর টোলপ্লাজাসংলগ্ন ও ৯৯ কম্পোজিট ব্রিগেড এলাকার কাছে সন্দেহভাজন এক ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। টহলরত সেনাসদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করে জাজিরা থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। ওই ব্যক্তি পুলিশকে জানান, তাঁর নাম রূপসা রায়। তিনি ভারতের গুজরাটের বিল্লা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম খোরা রায়। তিনি হিন্দিতে কথা বলছিলেন।

জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বাদী হয়ে রূপসা রায়কে আসামি করে মামলা করেন। ওই মামলার তদন্ত শেষ করে আজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর একটি টহল দল পদ্মা সেতুর টোলপ্লাজাসংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন ভারতীয়কে আটক করেছে। তিনি বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট আইনের ৪ ধারায় মামলা হয়েছে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই ঘণ্টায় অভিযোগপত্র তৈরি করা হয়েছে। অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আর আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।