আবারও ভাঙনের কবলে আঁধারমানিক গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মাদুরপাল্টা নদীর ভাঙনে আবারও হুমকির মুখে পড়েছে দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের আঁধারমানিক গ্রাম। গ্রামের লক্ষ্মীখোলা বাজার থেকে ৬ নম্বর জলকপাট (স্লুইচগেট) পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন চলছে।
২০০১ থেকে এ পর্যন্ত গ্রামের প্রায় ৫০০ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ক্রমাগত ভাঙনের মুখে নদীতীরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ এগিয়েছে গ্রামের দিকে। নদীর তিন কিলোমিটার ধরে এলাকার পাউবোর বেড়িবাঁধের অধিকাংশ ভেঙে নদীতে চলে গেছে। বাকি অংশটুকু ভেঙে গেলে বাঁধ থেকে মাত্র ৫০ গজ দূরে থাকা ৫০টি বসতবাড়ি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে।
গৃহবধূ কালীদাসী সরকার বলেন, ‘আমাদের সব জমিজাতি নদীতে চলে গেছে। বসতঘরটুকু কোনো রকম টিকে আছে। ভাঙন-আতঙ্কে রাতে ঘুম আসে না।’
এলাকাবাসী জানান, সুন্দরবনসংলগ্ন আঁধারমনিক গ্রামকে ঘিরে রয়েছে গড়খালি, নলডাঙ্গা, সত্যপীর, হুমাখালি, চটাবেলে ও কাঁকড়াবুনিয়া পাড়া। বর্তমানে এ পাড়াগুলোও গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। ছোট-বড় এই সাত গ্রামে বাস করে ৩০ হাজার মানুষ। নদীভাঙনে জমি হারিয়ে বর্তমানে অনেকে দিনমজুরি করে জীবন সংসার চালাচ্ছেন।
গ্রামের নারায়ণ সরকার বলেন, ‘আমার পাঁচ বিঘা জমি ছিল। সেগুলো হারিয়ে এখন দিনমজুরি করে খাই। এ ছাড়া ভিজিডি কার্ডের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া চাল-গম দিয়ে সন্তানদের নিয়ে কোনো রকমে জীবন যাপন করি।’
গ্রামবাসীর অনেকে জানান, নদীর স্রোত গতিপথ হারিয়ে আঁধারমানিক গ্রামের দিকে যাওয়ায় ক্রমান্বয়ে একদিকেই ভাঙন হচ্ছে। বিপরীত দিকে অবস্থিত ৩১ নম্বর পোল্ডারের পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর ও দারুমল্লিক গ্রামসংলগ্ন পাড় ভরাট হয়ে যাচ্ছে।
স্থানীয় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নারায়ণ চন্দ্র রায় বলেন, ইউনিয়ন পরিষদ থেকে এ ধরনের বেশ কয়েকজনকে ভিজিডি কার্ড দেওয়া হয়েছে। অথচ মাত্র কয়েক বছর আগেও এ গ্রামে কোনো ‘ভূমিহীন’ ছিল না।
তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, ‘ভাঙনের পর পানি উন্নয়ন বোর্ড নতুন করে বেড়িবাঁধ দেয়। কিন্তু নদী খনন করে না। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে বারবার জানালেও তারা কার্যকর পদক্ষেপ নেয় না।’
পাউবো বিভাগ-২ (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) খুলনার নির্বাহী প্রকৌশলী পিযূষ কৃষ্ণ কুণ্ডু বলেন, মাদুরপাল্টা নদীসহ পাউবোর পাঁচটি পোল্ডারের ভাঙন রোধে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘সিইআইপি’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাথরের ব্লক ফেলে নদীভাঙন রোধ করা হবে।