আবারও সতর্ক করা হলো সাংসদ মোছলেমকে
চট্টগ্রাম–৮ আসনের (বোয়ালখালী–চান্দগাঁও) সাংসদ মোছলেম উদ্দিন আহমেদকে আবারও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আজ শনিবার জেলা নির্বাচন কার্যালয় থেকে সাংসদকে সতর্ক করে নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ না নিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়।
গত ২৫ ডিসেম্বর তাঁকে প্রথমবার লিখিতভাবে সতর্ক করেছিল ইসি। বোয়ালখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অহল্লা করলডাঙা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনছুর আলমের পক্ষে প্রচারে অংশ নেওয়ার কারণে সতর্ক করা হয়েছিল।
এরপর কয়েক দিন চুপচাপ ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। কিন্তু গতকাল শুক্রবার পুনরায় মোছলেম উদ্দিন করলডাঙা ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে নৌকার প্রার্থী মনছুর আলমের পক্ষে ভোট চেয়েছেন। এ সময় তিনি একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ও নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হামিদুল হককে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করেন বলে অভিযোগ। এ–সংক্রান্ত একটি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে। এক মিনিটের ওই ভিডিওতে মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে জনগণ সব সময় তটস্থ অবস্থায় রয়েছে। আমি সাংসদ হিসেবে এলাকাবাসীর প্রতি দায়িত্ব রয়েছে তাদের জানমালের খেদমত করা। আগামী ৫ তারিখে সুযোগ এসেছে, এ সুযোগে দীর্ঘ ২৪ বছর ধরে এলাকাকে যাঁরা করায়ত্ত করে রেখেছেন, তাঁদের উৎখাত করার জন্য ভূমিকা রাখবেন।
আমি আপনাদের সাথে আছি। কারও ঘরে আগুন দেওয়া, কাউকে রাস্তায় মারধর যদি করে, আমি তাদের বলছি, আমি ৫ তারিখের পরও দায়িত্বে থাকব, তাদের কেউ রক্ষা করতে পারবে না।’ এ নিয়ে আজ শনিবার প্রথম আলোয় ‘সতর্ক উপেক্ষা, আবারও ভোট চাইলেন সাংসদ মোছলেম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল জেলা নির্বাচন কার্যালয় থেকে সাংসদ মোছলেমকে পুনরায় সতর্ক করা হয়। জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন প্রথম আলোকে বলেন, সাংসদকে পুনরায় মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তাঁকে নির্বাচনী এলাকায় না যেতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি ইসিকে জানানো হয়েছে।