যুবলীগের নির্বাচনী পথসভা থেকে স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীদের প্রতিহতের ঘোষণা দেওয়ার এক ঘণ্টা পার না হতেই আবারও মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ওই প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। তিনি এবারও মেয়র পদে নির্বাচন করছেন। আজ রোববার সন্ধ্যার পর গাংনীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গাংনী বাজারের রেজাউল চত্বরের বিপরীত দিকে বর্তমান মেয়র আশরাফুল ইসলামের প্রচার মাইক ভাঙচুরের ঘটনা ঘটে। প্রচার মাইকের ভ্যানচালক মো. সেলিম বলেন, রেজাউল চত্বরের বিপরীত দিকে আমিরুল মার্কেটের সামনে মাইকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের (জগ) প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন মাইক ভেঙে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নেয়।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল বলেন, গতকাল শনিবার এক দফায় তাঁর প্রচার মাইক ভাঙচুর করা হয়। আজ রোববার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর লোকজন আবার মাইক ভাঙচুর করে। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলী বলেন, তাঁর সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গণজাগরণ দেখে বর্তমান মেয়র মিথ্যা অভিযোগ করছেন।
এদিকে আজ বিকেলে যুবলীগের যে পথসভা করা হয়, তা গাংনী বাজারের রেজাউল চত্বরে হয়। যুবলীগ আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদের প্রার্থী আহম্মেদ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
পথসভায় বক্তারা বলেন, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিহত করা হবে। সভাটি শেষ হয় সন্ধ্যার দিকে। এর ঘণ্টাখানেকের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুরের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, গতকাল বিকেলে একটি মাইক ভাঙচুরের ঘটনার বিষয়ে তাঁর দপ্তরে লিখিতভাবে জানানো হয়। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।