সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা
আবাসিক এলাকায় হোটেল রাখতে মালিকেরা এককাট্টা
কোনো আলোচনা ছাড়াই আবাসিক এলাকা থেকে হোটেল, গেস্টহাউস ও রেস্তোরাঁ তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি হোটেল, গেস্টহাউসের জন্য সুনির্দিষ্ট নীতিমালা করার দাবি জানিয়েছেন।
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কোয়েট হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এতে হোটেল ব্যবসায়ীরা আবাসিক এলাকায় হোটেল, গেস্টহাউস ও রেস্তোরাঁ রাখার পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।
গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় রাজধানীর আবাসিক এলাকাগুলো থেকে সব বাণিজ্যিক স্থাপনা ছয় মাসের মধ্যে উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের তালিকায় রয়েছে আবাসিক এলাকায় গড়ে ওঠা বার, হোটেল, গেস্টহাউস, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ক্লিনিক, কলেজ, কোচিং সেন্টার ইত্যাদি।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফ ম আলাউদ্দিন মাহমুদ। এতে বলা হয়, বছরে হোটেল ব্যবসায়ীরা ৪০০ কোটি টাকার বেশি মূল্য সংযোজন কর (ভ্যাট) দেন। গেস্টহাউস ও হোটেল ব্যবসায় বিপুল অর্থ বিনিয়োগ করা আছে, যার বড় অংশই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া। এক হিসাবে দেখা গেছে, শুধু গুলশানের ২৮টি প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ প্রায় ২ হাজার কোটি টাকা, যার মধ্যে ৬০০ কোটি টাকাই ব্যাংকঋণের।
লিখিত বক্তব্যে জানানো হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০০৮ সালের ২৯ মে প্রকাশিত গেজেটের ৩০৭৬ নম্বর পাতায় আবাসিক এলাকায় হোটেল থাকতে পারবে বলে উল্লেখ আছে। পৃথিবীর সব দেশেই আবাসিক এলাকায় হোটেল আছে। শুধু দিল্লিতেই ১ হাজার ২০০টি প্রতিষ্ঠান রয়েছে।
দেশের পর্যটন খাতের উন্নয়ন ও বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যে চলতি বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, ২০১৬-১৭ সালের মধ্যে দেশে ১০ লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ অবস্থায় হোটেল, রেস্টুরেন্ট ও গেস্টহাউস উঠিয়ে দিলে প্রত্যাশিত সংখ্যক পর্যটকের আবাসনসুবিধা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের পর্যটন খাতে বেসরকারি হোটেল ও গেস্টহাউস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ২০০৯ সালের পর্যটন করপোরেশনের একটি সমীক্ষা তুলে ধরে বলা হয়, দেশে বিভিন্ন কারণে ওই বছর মোট ২ লাখ ৬৭ হাজার ১০৭ জন বিদেশি এসেছিলেন। এখন আরও বেশি আসছেন। রাষ্ট্রের মালিকানাধীন হাতে গোনা কয়েকটি হোটেল ও বাণিজ্যিক এলাকার কয়েকটি হোটেলকক্ষে আসা অতিথিদের সেবা দেওয়া সম্ভব হতো না, যদি আবাসিক এলাকার হোটেলে প্রায় চার হাজার কক্ষ না থাকত।
বর্তমানে ঢাকার বনানী, গুলশান, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় রাজউক ও পূর্ত বিভাগের দেওয়া আবাসিক প্লট রয়েছে। এসব আবাসিক এলাকার প্রায় সাড়ে ছয় হাজার ভবনে বাণিজ্যিক কার্যক্রম চলছে বলে রাজউক সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় আগামী ছয় মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে সব ব্যবসাপ্রতিষ্ঠান তুলে দেওয়ার হঠাৎ ঘোষণা দেওয়া হয়। ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে শুধু যানজটের কারণ দেখিয়ে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। তাঁরা বলেন, হোটেল বা গেস্টহাউস যানজটের কারণ নয়। অধিকাংশ হোটেলেরই নিজস্ব পার্কিং-সুবিধা আছে। পার্কিং না থাকলে সেটার ব্যবস্থা করা ও হোটেলের নিরাপত্তা জোরদার করারও প্রতিশ্রুতি দেন তাঁরা।