আবাসিক হলে 'গেস্টরুম' আতঙ্কে নবীন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ওঠা প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম ‘গেস্টরুম’। সম্প্রতি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যুর পর ‘গেস্টরুম নিপীড়ন’ আলোচনায় আসে। শিক্ষার্থীরা মুখ খুলতে শুরু করেন এর বিষয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে পুঁজি করে সাধারণত সরকারদলীয় ছাত্রসংগঠনের কর্মীদের পরিচালিত একটি কার্যক্রম হলো ‘গেস্টরুম’। বর্তমানে ছাত্রলীগের নেতা-কর্মীরা এই ‘গেস্টরুম কার্যক্রম’ চালাচ্ছেন। প্রথম বর্ষের ছাত্রদের হলে রাখার বিনিময়ে সংগঠনের কর্মসূচিতে ব্যবহার করার দীক্ষার নাম ‘গেস্টরুম’। এই ছাত্রদের সাধারণত হলের গণরুমে রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৭ হলে ১২৮টি গণরুম, ছাদ, বারান্দা মিলে এখন প্রায় সোয়া তিন হাজার শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন।
‘গেস্টরুম’ নিয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা অকপটে সবকিছু বললেও নিরাপত্তার অভাবে নাম প্রকাশ করতে রাজি হননি। তবে প্রত্যেকেই এককথায় ‘গেস্টরুম’কে আতঙ্কজনক, ভীতিকর, লোমহর্ষক—এভাবে চিত্রিত করেছেন।
একজন ছাত্র প্রথম আলোকে বলেন, ‘গেস্টরুম’ বললে সাধারণ মানুষ ভাবতে পারেন, এখানে বাইরের লোকজন এলে চা-নাশতা খাওয়ানো হয়। কিন্তু এই ‘গেস্টরুম’ হলো রাজনৈতিক বড় ভাইদের নির্ধারিত আচরণ শেখানোর নামে মানসিক নির্যাতন কর্মসূচি। সাধারণত হলের অতিথিকক্ষে ঘটে বলে এটা ‘গেস্টরুম’ নামে পরিচিত। তবে এটা কখনো নেতাদের কক্ষ অথবা খোলা মাঠেও হয়ে থাকে। প্রথম বর্ষের ছাত্রদের সপ্তাহে তিন-চার দিন গেস্টরুমের বিভীষিকা পার করতে হয়। প্রতি রাতে দুই থেকে তিন ঘণ্টা এ কর্মসূচি চলে।
ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের অটোরিকশাচালক বাবার মেধাবী ছেলে হাফিজুর মোল্লা গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছিলেন। অসুস্থ হয়ে বাড়ি গেলে ডাক্তারি পরীক্ষায় তাঁর নিউমোনিয়া ও টাইফয়েড ধরা পড়ে। অবস্থার অবনতি হলে ২ ফেব্রুয়ারি তাঁকে ঢাকায় নিয়ে রওনা দেন স্বজনেরা। কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে তিনি মারা যান। পরিবারের সদস্যদের অভিযোগ, শীতের মধ্যে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের বারান্দায় থাকা এবং প্রায় রাতে ছাত্রলীগের ‘গেস্টরুম’ কর্মসূচিতে যাওয়ার কারণে হাফিজুর ঠান্ডায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা যান।
গেস্টরুম নির্যাতনের অভিযোগের বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, গেস্টরুমে বসে নেতা-কর্মীরা আড্ডা দেন। ছোটদের সঙ্গে বড়দের কুশলাদি বিনিময় হয়। সবাই সবাইকে চেনে। এখানে কোনো ধরনের মানসিক টর্চার করা হয় না।
হাফিজুরের মৃত্যুর প্রসঙ্গ তুললে আবিদ বলেন, ‘আমি ও সাধারণ সম্পাদক ব্যক্তিগতভাবে ঘটনাটির তদন্ত করছি। এ বিষয়ে ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষার্থীরা বলেন, আবাসিক হলে থাকতে হলে গেস্টরুমে শেখানো নিয়মকানুন মেনে চলতে হয়। নেতা-কর্মীরা যখন যেখানে ডাকেন, সেখানে যেতে হয়। কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাদের ‘প্রটোকল’ দিতে যেতে হয় যেকোনো জায়গায়। দলীয় কর্মসূচি তো আছেই। এসব কাজ করতে গিয়ে কোথাও কেউ ‘অপরাধ বা বেয়াদবি’ করলে শাস্তিও পেতে হয়।
গেস্টরুমে কী শেখানো হয়—জানতে চাইলে মুহসীন হলের এক শিক্ষার্থী বলেন, মূলত হলের রাজনৈতিক বড় ভাইকে সালাম দিয়ে হাত মেলানো, হ্যান্ডশেক করার সময় বড় ভাইয়ের হাতে চাপ না দেওয়া, হ্যান্ডশেকের সময় বাঁ হাত পেছনের দিকে রাখা, বড় ভাইদের সামনে না হাসা ইত্যাদি।
শিক্ষার্থীরা বলেন, গেস্টরুমের নিয়মানুযায়ী ক্যাম্পাসে কেউ ‘অপরাধ’ করলে রাতে তাঁকে জরুরিভাবে ডাকা হয়। সেখানে ঝাড়ি-ধমক দেওয়া হয়। অপরাধ বলতে কাউকে সালাম না দেওয়া, কর্মসূচিতে না যাওয়া, ডাক দেওয়ার পরও না শুনতে পাওয়া, কর্মসূচির আগে অসুস্থতার অজুহাত দেওয়া, ক্যানটিন ও পাঠকক্ষে জ্যেষ্ঠদের আসনে বসা ইত্যাদিকে বোঝায়। আবার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাড়া প্রথম বর্ষের কেউ অন্য কাউকে কোনো বিষয়ে অভিযোগ করলে সেটাও অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
একজন শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘এত কষ্ট করে পড়তে এসেছি। কিন্তু আমাদের এত ছোট করা হয়, যা বলার মতো না। আমরা কিছুই না—এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়। ঝাড়ির চোটে সবাই কেঁপে ওঠে। ঝাড়ি দেওয়ার সময় নেতারা এমন জোরে চিল্লায়, খুব অসহায় লাগে। সোজা হয়ে দাঁড়ায়া থাকতে হয়, নড়াচড়া করা যাবে না, মাথা নাড়ানো যাবে না। মনে হয় যেন কোর্ট মার্শাল চলছে।’
আরেকজন শিক্ষার্থী বলেন, ‘ভাইদের সঙ্গে কথা বলার সময় হাত আর মাথা নড়েছিল। এ জন্য আমাকে প্রচণ্ড ধমক দেওয়া হয়। ওই দিনই আমার মনে হয়েছিল হল ছেড়ে চলে যাই। কিন্তু বাইরে থাকার সামর্থ্য নেই।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ভাবছিলাম, ভার্সিটিতে ভর্তি হয়ে অনেক স্বাধীনতা পাব। কিন্তু এখন বাসায় যাইতেও ভাইদের বলে যেতে হয়। একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়।’
এসএম হলের একজন শিক্ষার্থী বলেন, ‘হয়তো ক্যাম্পাসে হেঁটে যাচ্ছি, কোনো বড় ভাইকে খেয়াল করিনি। রাতে গেস্টরুমে ডেকে নিয়ে বলবে, আমি যে ওই দিক দিয়ে গেছিলাম চোখে পড়ছে? সালাম দিলি না ক্যান? এই বলে বাবা, মা, বোনকে নিয়ে গালিগালাজ করে।’
আরেক ছাত্র বলেন, কখনো কখনো দুই পাশ থেকে বা চারদিক থেকে কয়েকজন বড় ভাই একসঙ্গে চিৎকার করে গালাগাল দিয়ে ওঠেন।
আরেকজনের অভিজ্ঞতা এ রকম, ‘কালকে প্রোগ্রামে যাইতে পারিনি। গেস্টরুমে আমাকে ডাকায়। তখন ২০-৩০ জন বড় ভাই ছিল। আমাকে বলে সবার নাম বলতে। আমি ১০-১২ জনের নাম বলতে পারি। তখন আমার মা-বাপ তুলে গালি দিয়ে বলা হয়, “ওগো নাম জানস না ক্যান? আমরা ভাই, ওরা ভাই না?”’
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন বলেন, ‘সারা দিন দুইটা-তিনটা প্রোগ্রাম করতে হয়। রাতে আবার গেস্টরুম। রিডিং রুমে গিয়ে যে পড়ব, সে সময়টাই পাই না।’
শিক্ষার্থীরা বলেন, প্রতি সপ্তাহেই তাঁদের যেকোনো এক রাত বাধ্যতামূলকভাবে ক্যাম্পাসে ‘ঘোরাঘুরি’ করতে হয়। বলা হয়, ‘তোরা তো নতুন, ভার্সিটি ক্যাম্পাস চেনা উচিত। যা ঘুরে আয়। রাত চারটার আগে কেউ হলে ফিরবি না।’ একজন বলেন, ‘গত সপ্তাহে আমার খুব ঠান্ডা লাগছিল। আমি অন্যদের সঙ্গে ঘুরতে বের হয়ে ঢাকা মেডিকেলের ওয়েটিং রুমে গিয়ে বসে ছিলাম। চারটার পর ফিরে আসি।’
এই গেস্টরুমের বিষয়ে জানতে চাইলে বিভিন্ন হলের কয়েকজন প্রাধ্যক্ষ দাবি করেন, বিষয়টি তাঁদের জানা নেই। সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ গোলাম মো. ভূইঞা বলেন, ‘রাতে ছাত্ররা হলে কী করে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ প্রতিবেদকের কাছে উল্টো গেস্টরুম কী, তা জানতে চান। শব্দটি এই প্রথম তিনি শুনলেন বলে দাবি করেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার বলেন, ‘হলের গেস্টরুমে ছেলেরা মাঝেমধ্যে বসে। এটা তো দোষের কিছু না। কিন্তু এখানে আসতে কাউকে বাধ্য করা ঠিক না।’
তবে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ মাকসুদ কামাল বলেন, ‘আমি বিষয়টার ঘোর বিরোধী। কেউ পলিটিকস করতে চাইলে করুক। কিন্তু যখন রাত একটার সময় হলে স্লোগান শুনি, সেটা ভালো লাগে না। তখন তো ছাত্রদের ঘুমানোর কথা।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে তারা এসব কর্মকাণ্ড করে, কিন্তু মূলত তাদের নিজস্ব স্বার্থে।’