আবু ত্ব–হা আদনানের সন্ধানের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু ত্ব-হার সন্ধান চেয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আজ বৃহস্পতিবার সকালে ‘সচেতন নাগরিক সমাজের’ মানববন্ধন
ছবি: প্রথম আলো

ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তাঁর সঙ্গীদের সন্ধানের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সচেতন নাগরিক সমাজ ফরিদপুরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশের হস্তক্ষেপে দ্রুত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আয়োজকেরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সদস্য আবদুর রহিম, খবির উদ্দিন, জামিল সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ সাদ প্রমুখ।

বক্তারা বলেন, ৯ দিন ধরে তরুণ ইসলামিক স্কলার আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন। অথচ তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁরা অতি দ্রুত তাকে খুঁজে বের করার জন্য সরকারের কাছে দাবি জানান।

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ১০ জুন বিকেল ৪টার দিকে রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। ওই দিন রাত থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রংপুর নগরের কোতোয়ালি থানায় ১১ জুন ত্ব-হা আদনানের মা আজেদা বেগম জিডি করেন।