আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম তাপস আলী (২৭)। তিনি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নানের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাপস গতকাল দুপুরের দিকে বাড়ির পাশের একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতাল পাঠান। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাপসের মৃত্যু হয়।

গাংনী উপজেলার বামন্দী ইউপির চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, আমগাছ থেকে পড়ে তাপসের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাঁর লাশ দাফন করা হয়েছে।