আমগাছের ডালে ঝুলে ছিল যুবকের লাশ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় নিজ বসতঘরের সামনে আমগাছের ডালে রশিতে প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিল যুবকের লাশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থানা উন্নয়নকেন্দ্র এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা লাশটি আলমগীর হোসেন (২৬) নামের এক যুবকের। তিনি থানা উন্নয়নকেন্দ্র এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আলমগীর হোসেন কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি অনিয়ন্ত্রিত জীবন যাপন করতেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন তাঁকে আমগাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।