অসময়ের বৃষ্টির প্রভাব
আমচাষিদের পোয়াবারো, রবি শস্যের ক্ষতির শঙ্কা
এই বৃষ্টিতে আমের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির শঙ্কা আছে রবি শস্যের, যেমন ডাল, শর্ষে, মসুর, আলু ও টমেটোর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাঘ মাসে অসময়ের এই বৃষ্টি ঝরতে পারে আরও দুই দিন। এ তথ্যই চিন্তার ভাঁজ ফেলেছে খেতে রবি শস্য চাষ করা কৃষকদের কপালে। তবে কৃষকদেরই কেউ কেউ বলছেন, এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে আমচাষিদের কাছে। উপকার হবে গম, ভুট্টা, বোরো বীজতলারও।
উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমনিতেও কিছুটা বিপাকে থাকেন আমচাষিরা। কৃষকদের পাশাপাশি ফল গবেষণা কেন্দ্রের এক বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন, এই বৃষ্টিতে আমের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বরং বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে সদ্য মুকুল ফুটতে থাকা আমগাছের জন্যই তা ভালো হবে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির শঙ্কা আছে রবি শস্য, যেমন ডাল, শর্ষে, মসুর, আলু ও টমেটোর।
রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক ও নওগাঁর মান্দা উপজেলার শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ কৃষির জন্য নিয়মিত আবহাওয়ার খবর বিশ্লেষণ করে থাকেন। তিনি বলেন, এই বৃষ্টি বোরো চাষিদের কাজে লাগবে। তাদের সেচ খরচটা কমিয়ে দিল। এই বৃষ্টিতে শর্ষে ছাড়া আর কোনো ফসলের ক্ষতির আশঙ্কা নেই। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে আমেরও কোনো ক্ষতি হবে না। একই কথা বলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিনও।
স্থানভেদে মাঘের এই বৃষ্টি শুরু হয়েছে গত বৃহস্পতিবার রাত থেকে। গতকাল শুক্রবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরে। ঠাকুরগাঁওয়ে গতকাল সকাল সাতটা পর্যন্ত পাঁচ উপজেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯ মিলিমিটার। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক আবু হোসেন বলেন, এ অবস্থা দুই থেকে তিন দিন অব্যাহত থাকলে এবং জমিতে পানি জমলে আলু, পেঁয়াজসহ শীতকালীন শাকসবজির ক্ষতি হতে পারে।
কুড়িগ্রামে বেশ কিছুদিন ধরেই আলুখেতে ছত্রাকের আক্রমণ দেখা দেয়। কৃষকেরা বলছেন, বৃষ্টির কারণে খেতে ছত্রাকের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি এলাকার কৃষক আফতাব উদ্দিন বলেন, গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহের কারণে আলুখেতে মড়ক লেগেছে। বৃষ্টির কারণে তিনি মড়ক বাড়ার চিন্তায় আছেন।
জেলাটিতে গতকাল বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ মিলিমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ অবস্থা আরও দুই দিন থাকতে পারে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়া আলুতে ছত্রাকের আক্রমণের জন্য উপযোগী পরিবেশ। এ কারণে বৃষ্টি থেমে গেলে চাষিদের একসঙ্গে একাধিক ওষুধ স্প্রে করে ছত্রাকের আক্রমণ ঠেকাতে হবে।