আমতলীতে বাসচাপায় কিশোর নিহত, চালক আটক
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছে। ওই কিশোর একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।
নিহত ওই কিশোরের নাম মো. ফয়সাল প্যাদা (১৫)। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আটক বাসচালকের নাম আরিফ সওদাগর। তাঁর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়। আরিফ সওদাগর চট্টগ্রাম-কুয়াকাটাগামী ঈগল পরিবহনের চালক।
এ ঘটনায় অটোরিকশার চালক সোবাহান ও বশির মল্লিক নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বরিশালের শের-ই- বাংলা কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে যাত্রীবাহী অটোরিকশাটি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে আমতলী উপজেলার শাখারিয়ায় যাচ্ছিল। পথে অটোরিকশাটি মহিষকাটা বাসস্ট্যান্ডে পৌঁছালে চট্রগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ অটোরিকশার তিনজন গুরুতর আহন হন। পরে স্থানীয় লোকজন আহত কিশোরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এ বি এম তানজিরুল ইসলাম মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশালের শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই বাসের চালককে আটক করে রাখেন। পরে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে স্থানীয় লোকজন বাসচালককে পুলিশের কাছে সোপর্দ করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।