আমনে পোকার আক্রমণ, চরম দুশ্চিন্তায় কৃষক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধানের খেতে পোকা আক্রমণ রোধে কৃষক কীটনাশক ছিটাচ্ছেন। রুপষপুর গ্রামে গত বুধবার
প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন খেতে মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হয়েছে। এতে ধানের ফলন নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষকেরা বলছেন, কিছুদিন পর গাছে ধান আসার কথা। এ অবস্থায় পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও ফল পাওয়া যাচ্ছে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। শ্রাবণ-ভাদ্র মাসে এ ধানের চারা রোপণ করা হয় এবং অগ্রহায়ণ-পৌষ মাসে ধান কাটা হয়।

পতনউষার, শমশেরনগর, মুন্সীবাজারসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, আমন ধানের খেতে মাজরা পোকা আক্রমণ করেছে। এসব পোকা কাণ্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে। ধানের চারার পাতা ছিদ্র হয়ে বাদামি রং ধারণ করছে। আদমপুর, ইসলামপুর ইউনিয়নে পাতা মোড়ানো পোকার আক্রমণও লক্ষ করা গেছে। পাতা মোড়ানো পোকা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়। খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়।

পতনউষার ইউনিয়নের কৃষক কয়ছল আহমদ বলেন, তিনি এবার চার একর জমিতে আমন রোপণ করেছেন। চার একরের পুরোটাই মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণের শিকার। কীটনাশক ছিটিয়েও এ পোকা দমন করা যাচ্ছে না। এক বিঘা জমিতে এক দফা কীটনাশক প্রয়োগে ব্যয় হচ্ছে ৫০০ টাকা। ফলে উৎপাদন খরচও বাড়ছে। ফলন ভালো না হলে কী করবেন, বুঝতে পারছেন না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, এ সময়ে মাজরা ও পাতা মোড়ানো পোকার কিছু আক্রমণ হয়। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।