আমবাগান নষ্ট করেছে বন্য হাতির পাল, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির তাণ্ডবে আমবাগান নষ্ট হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাগানমালিক ও অবসরপ্রাপ্ত এক শিক্ষক অনন্ত চৌধুরী।

অনন্ত চৌধুরী বলেন, উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পাড়ায় ২০ একর জমিতে রাঙ্গু, ফজলি, সোনালিসহ বিভিন্ন জাতের আমবাগান করেছেন তিনি। বাগানে এবার ফলন ভালো হয়েছে, আমও পাকতে শুরু করেছে। আম পেড়ে বাজারজাত করবেন, এমন সময় বাগানে তাণ্ডব চালায় বন্য হাতির পাল। দুই দিন ধরে রাতে হাতির পাল পাহাড় থেকে নেমে গাছ উপড়ে ফেলে এবং আম খেয়ে সাবাড় করছে। বন্য হাতির তাণ্ডবে তাঁর আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুপন বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।