উপাচার্যের পদত্যাগ দাবি
আমরণ অনশনে শিক্ষার্থীরা
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার যে সিদ্ধান্ত দেবে, তা-ই মেনে নেবেন তিনি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। তাঁদের পাশে অবস্থান নিয়ে আরও প্রায় ৩০০ শিক্ষার্থী একই দাবিতে বিক্ষোভ করছেন। গতকাল রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের অনশন ও বিক্ষোভ অব্যাহত ছিল।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ফরিদ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
পদত্যাগের দাবির বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার যে সিদ্ধান্ত দেবে, তা-ই মেনে নেবেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল। এদিকে উপাচার্যের পক্ষে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের নিয়ে ‘অশালীন, কুরুচিপূর্ণ ও কটূক্তি’র অভিযোগ এনে সমাবেশ করেছেন তাঁরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির শুরুতে ৮ থেকে ১০ জন শিক্ষক ছিলেন। পরে আরও অন্তত ৪০ জন শিক্ষক সেখানে যোগ দেন। তাঁরা সবাই এর আগে উপাচার্যের বাসভবনে ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অধিকাংশই উপাচার্যপন্থী হিসেবে পরিচিত বলে জানা গেছে। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে কেন নিশ্চুপ ছিলেন, সে প্রশ্নের জবাবে এই শিক্ষকেরা বলেছেন, ওই রাতে কী ঘটেছিল, তা তাঁরা জানেন না।
আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে উপাচার্যকে গতকাল দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। পদত্যাগ না করলে আমরণ অনশনে বসার ঘোষণা দেন তাঁরা। উপাচার্য পদত্যাগ না করায় বেলা তিনটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ১৫ জন ছাত্র ও ৯ জন ছাত্রী এতে অংশ নেন। অপর শিক্ষার্থীরা তাঁদের পাশে বসে বিক্ষোভ করেন।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে সেখানে একটা কুশপুত্তলিকা রেখে দেন। বাঁশ ও পাটের বস্তা দিয়ে বানানো কুশপুত্তলিকার মাথার অংশে উপাচার্যের ছবি দেখা যায়। আর কুশপুত্তলিকার এক হাতে প্রতীকী টাকার ব্যাগ এবং অন্য হাতে ছিল প্রতীকী পিস্তল।
শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত গত বৃহস্পতিবার। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েক শ ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। শাহজালালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
অধ্যাপক ফরিদ উদ্দিন যা বললেন
গতকাল সকালে নিজের বাসভবনে দুজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, তাঁরা প্রতিদিন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ‘প্রাণপণ’ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, গত রোববার পুলিশকে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার নির্দেশ তিনি দেননি। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘আমি মর্মাহত শিক্ষার্থীদের ওপর যখন পুলিশ রাবার বুলেট মেরেছে বা সাউন্ড গ্রেনেড মেরেছে। ওরা আমাদের ভালোবাসার জায়গায় আছে। আমরা ওদের জন্যই আছি। কিন্তু এই ক্ষেত্রে একটা ভুল-বোঝাবুঝির সৃষ্টি করে, উপাচার্যের ওপর দোষ চাপিয়ে তারা এখন যে আন্দোলন করছে, শিক্ষাজীবন তাদের বিপন্ন হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে।’
শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানান অধ্যাপক ফরিদ উদ্দিন। পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, উপাচার্য যদি কোনো অপরাধ করে থাকেন, তাঁর যদি কোনো দোষ থাকে, তাহলে সরকার উপাচার্যের ওপর যে সিদ্ধান্ত দেবে, সেটা উপাচার্য মেনে নেবেন।
জাহাঙ্গীরনগরে কুশপুত্তলিকা দাহ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গতকাল বেলা একটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে শহীদ মিনারসংলগ্ন সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণা ও জ্ঞান উৎপাদনের জায়গা। সেখানে দলদাস ও বিকৃত মস্তিষ্কের লোকদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে গবেষণার পরিবেশ নষ্ট করা হচ্ছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জানা উচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা গবেষণা, শিক্ষা, খেলাধুলাসহ সব অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা শোনার পর আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়ার কথা। কিন্তু ফরিদ উদ্দিন আহমেদ আমাদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে ঘৃণাবোধ হয়েছে। এ রকম অসম্মানজনক মন্তব্যের জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন ও মৌন মিছিল করেছে।
দাবিতে অনড় শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে গতকাল বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভার্চ্যুয়াল বৈঠক হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ সভা চলে। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। সভায় তিন শতাধিক শিক্ষক যোগ দিয়েছিলেন বলে বৈঠক সূত্রে জানা যায়।
ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাত পৌনে নয়টায় প্রায় দুই শ শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের কাছে যান। শিক্ষকেরা কথা বলতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের কাছে জানতে চান, উপাচার্যের পদত্যাগ দাবিতে সংহতি ও একাত্মতা জানাচ্ছেন কি না। এ সময় শিক্ষকেরা কোনো জবাব না দিলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। এরপরও শিক্ষকেরা হাতমাইকে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা হাতজোড় করে তাঁদের বিরত থাকার অনুরোধ জানান। একপর্যায়ে কয়েকজন শিক্ষক আন্দোলনস্থলে বসে পড়েন। রাত সাড়ে ১২টার সময় শিক্ষার্থীদের সঙ্গে ওই শিক্ষকেরা সেখানে অবস্থান করছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য পদত্যাগ করলেই চলে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কোনো অবস্থাতেই আন্দোলন থেকে সরবেন না।