‘আমরা গরিব বলে কি বিচার পাব না?’

মামলায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে তার পরিবার। একজন আসামি জামিনে মুক্ত।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ পর শ্বাসরোধ ও গলা কেটে হত্যার আড়াই মাস পরও মামলায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে তার পরিবার। ওই ঘটনায় এক আসামি গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এমন পরিস্থিতিতে, গত সপ্তাহে নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে থানা-পুলিশের কাছ থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

গত ১৭ মার্চ বিকেলে বাড়ির পাশে রসুনের খেত দেখতে বের হয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী (১৪)। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। পরদিন সকালে কুমার নদের পাড় থেকে ওই কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৯ মার্চ শ্রীপুর থানায় কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন নিহত ছাত্রীর বাবা। তবে সেখানে ধর্ষণের অভিযোগ করা হয়নি। তবে গত সপ্তাহে ওই ছাত্রীর বাবা মামলাটি তদন্তের জন্য সিআইডিতে যে আবেদন করেছেন, সেখানে অভিযোগ করা হয়েছে— মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

কিশোরীকে হত্যার অভিযোগে ২০ মার্চ হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে হাসান শেখকে (২৮) গ্রেপ্তার করে র‍্যাব। মামলাটি প্রথমে তদন্ত করেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন। জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ওই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য পেশ করা হলে বিচারকের কাছে তিনি হত্যার কথা স্বীকার করেননি। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তমাখা ব্লেড, চুল ও অভিযুক্ত আসামির ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরই মধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন ওই আসামি। পুলিশের তদন্তে কোনো গাফিলতি নেই।

আদালত সূত্রে জানা গেছে, মে মাসের মাঝামাঝি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন অভিযুক্ত হাসান শেখ। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এস্কেন্দার আজম প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে সরকারপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে আসামির এ ঘটনায় জড়িত থাকার কোনো সাক্ষ্য–প্রমাণ না থাকা ও এজাহারে আসামির নাম না থাকায় বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন।

নিহত স্কুলছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘মেয়েডারে নির্যাতন (ধর্ষণ) করার পর নির্মমভাবে হত্যা করিছে। আমি অশিক্ষিত মানুষ। মামলা করার সুময় এই আসামির নাম সন্দেহজনক হিসেবে দিছিলাম। কিন্তু পুলিশ নিইনি। আসামি ধরা পড়লি ইট্টু শান্তি পাইছিলাম। কিন্তু জানিনে ক্যাম্মা জেলতে বার হয়ে গেছে। কোর্টের উপর আস্থা করিছি কিন্তু কিছুই হচ্ছে না। আমরা গরিব বলে কি বিচার পাবো না?’

মামলাটি বর্তমানে তদন্ত করছেন মাগুরা সিআইডির পরিদর্শক নিকুঞ্জ কুমার কুণ্ডু। গতকাল বুধবার তিনি বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। আরও কিছু পরীক্ষার ফলাফল পেলে সেটা নিশ্চিত হওয়া যাবে। ডিএনএ পরীক্ষার ফল পেলে জানা যাবে ওই আসামি (হাসান শেখ) এই ঘটনায় জড়িত কি না।