আমরা সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পদ্মা সেতু প্রকল্প একটা চলমান উন্নয়ন প্রকল্প ছিল। এ সেতু নির্মাণে শেখ হাসিনার কোনো কৃতিত্ব নেই।
সুনামগঞ্জে বন্যার্তদের অর্থসহায়তা দিতে এসে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় বন্যার্তদের এ অর্থসহায়তা দেয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় গয়েশ্বর রায় বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এই টাকা বানভাসি মানুষের জন্য ব্যয় করলে মানুষ উপকৃত হতো। তাঁদের কষ্ট কমত।
বিএনপি গণমানুষের দল হিসেবে বন্যাদুর্গতদের পাশে রয়েছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় নাই। আমরা একধরনের অসহায় অবস্থায় আছি। তারপরও আমরা সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। মানুষকে সহায়তা করছি।’
বন্যার পর মানুষের দুর্ভোগ আরও বাড়বে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল সমস্যা শুরু হবে এখন। হাজার হাজার মানুষ বানভাসি হয়েছেন। তাঁরা এখনো খোলা আকাশের নিচে। জিনিসপত্রের দাম বাড়বে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু সরকার সেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেনি।
এ সময় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা আহ্বায়ক মো. আমিরুল হক প্রমুখ। পরে বন্যার্ত ৫০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বিকেলে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় একইভাবে বন্যার্তদের অর্থসহায়তা দেন।