কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরিফুর রহমান। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান।
প্রশ্ন :
পৌরসভার কোনো সমস্যা আপনার চোখে পড়েছে কি না?
আরিফুর রহমান: বর্তমান মেয়রের দুর্নীতি ও অন্যায় কাজ দেখে ভোটাররা ও জনগণ পরিবর্তন চান। এ কারণে আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।
প্রশ্ন :
প্রচারণায় কোনো বাধা পেয়েছেন কি?
আরিফুর রহমান: বাধা সব সময় দেওয়া হচ্ছে। আমাকে ও আমার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমি ও আমার কর্মীরা পিছপা হচ্ছি না।
প্রশ্ন :
প্রতিটি কেন্দ্রে কি এজেন্ট দিতে পারবেন?
আরিফুর রহমান: অবশ্যই দিতে পারব। কিন্তু সংশয় আছে, কয়েক দিন ধরে কর্মীদের চাপ দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। তারপরও মাঠে থাকব।
প্রশ্ন :
আপনি মানুষকে আকৃষ্ট করতে ফেসবুকে আবেগপ্রবণ হয়ে বক্তব্য দেন কেন?
আরিফুর রহমান: এ কথা সত্য নয়। আমার কর্মীদের মারধর করা হয়। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এর মধ্যেই আমি আছি। মানুষের পাশে আগেও ছিলাম,এখনো আছি।
প্রশ্ন :
নির্বাচনে আপনি একেবারই নতুন। তরুণ ও নতুন হিসেবে কতটা সাড়া পাচ্ছেন?
আরিফুর রহমান: অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমার কোনো বিকল্প নেই। আমি শতভাগ আশাবাদী, জয়ী হব। নতুন ভোটার যাঁরা হয়েছেন, তাঁরা আমাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
প্রথম আলো: সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরিফুর রহমান: প্রথম আলোকেও ধন্যবাদ।