আমাদের জীবদ্দশায় সুন্দর বাংলাদেশের সূচনা দেখে যাচ্ছি: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথপুরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা আমাদের জীবদ্দশায় সুন্দর বাংলাদেশের সূচনা দেখে যাচ্ছি। বাংলাদেশ বাঘের বাচ্ছার মতো এগিয়ে যাচ্ছে। অনেক সূচকে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জয়যাত্রা এখন আর কেউ থামাতে পারবে না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, আমরা কল্পনা করতে পারেনি। যা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।’

আজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সাম্প্রতিক পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় জগন্নাথপুর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক, দুস্থ ও অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে রূপান্তর করতে আমরা কাজ করছি। শহরের সব নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে।’

জগন্নাথপুরে দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
প্রথম আলো

এম এ মান্নান আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কোনো সুযোগ নেই। আমরা আবারও মৌসুমি বাঁধ নির্মাণ করব। অকালবন্যা ও পাহাড়ি ঢল মোকাবিলায় নদ-নদী, খাল-বিল খনন করা হবে। হাওর এলাকায় পানি চলাচল বিঘ্নিত হয় এমন কোনো সড়ক নির্মাণ করা হবে না।’

উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।